বাংলায় বেজে গেছে SIR এর দামামা । কিন্তু এসবের মাঝেই, ফের বাংলায় , রাষ্ট্রপতি শাসনের জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য , সোমবার সাংবাদিক বৈঠকে CEC জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন , ভোটার তালিকা তৈরি হলে , তবেই ভোট হবে। তবে এদিন , শুভেন্দুর হুশিয়ারি , ৫ মে এর মধ্যে সরকার তৈরি না হলে , রাষ্ট্রপতি শাসন জারি হবে ।
মঙ্গলবার , পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে শুভেন্দু অধিকারী বলেন , “কমিশনের কাজ সঠিক সময়ে ভোটার তালিকা তৈরি করা। আর এই কাজে কোনওরকমের কোনও বাধা এলে, কমিশন সঠিক পদক্ষেপ করবে। বিএলও, বিএলও ২-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কমিশনের। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তৎপরতা বিরোধী দলের থেকে অনেক বেশি। ৭ ফেব্রুয়ারির মধ্যে সূচি তৈরি হয়ে যাওয়া উচিত, তারপরই ভোট হবে। তা না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। ”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে আগেও শোনা গিয়েছিল , রাষ্ট্রপতি শাসনের কথা । আগেও তিনি বলেন , “ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বের হয়, তাহলে আপনা আপনি রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাজ্যপালের হাতে রাজ্য চলে যাবে।”
তবে এই বিষয়টি একেবারেই হাওয়ায় উড়িয়ে দেয়নি তৃণমূল । শাসক দলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন , “আসলে উনি তো প্রথম দিন থেকে একই কথা বলে আসছেন। যে কোনও মূল্যে বাংলায় ক্ষমতা দখল করতে হবে। আর সেক্ষেত্রে রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। তাই বিপথে, চক্রান্ত করে ক্ষমতা দখলের চেষ্টা করছে।”







