নন্দীগ্রাম: রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিকতার নজির স্থাপন করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের দুই অসুস্থ শিশুকন্যার জটিল রোগের চিকিৎসার জন্য তাঁদের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি। চিকিৎসা থেকে শুরু করে যাতায়াত—সমস্ত খরচের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন সাংসদ।
জানা গেছে, নন্দীগ্রামের বাসিন্দা ছোট্ট অর্পিতা হঠাৎ করেই গুরুতর শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। তার রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। অন্যদিকে, ছয় বছরের সুপর্ণা দীর্ঘদিন ধরে ডাউন সিনড্রোম ও অ্যাসাইটিসের সমস্যায় ভুগছিল। তারও শ্বাসকষ্টের সমস্যা ক্রমেই বাড়ছিল।
সম্প্রতি নন্দীগ্রামের দুটি ব্লকে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই শিবিরেই চিকিৎসার জন্য আসে অর্পিতা ও সুপর্ণা। সেখানে উপস্থিত চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষাতেই ধরা পড়ে দুই শিশুর জটিল শারীরিক সমস্যা। বিষয়টি জানা মাত্রই দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই তাঁদের দিল্লির এইমসে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সূত্রের খবর, দুই শিশুকন্যার চিকিৎসা ও যাতায়াতের সমস্ত খরচের দায়িত্ব ব্যক্তিগতভাবে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্পিতা ও সুপর্ণার পরিবার। তাঁদের বক্তব্য, এই উদ্যোগ না থাকলে এত বড় চিকিৎসার ব্যবস্থা করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব ছিল।
উল্লেখ্য, কোভিড মহামারীর সময় ‘ডায়মন্ড হারবার মডেল’ বিশেষভাবে আলোচনায় আসে। সেই সময় জনস্বাস্থ্য পরিষেবা সচল রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর সংসদীয় এলাকায় একাধিক ছোট ছোট স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সাধারণ মানুষের ব্যাপক সাড়া মেলে সেই উদ্যোগে। পরবর্তীতে সেই অভিজ্ঞতা থেকেই নিয়মিতভাবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের আয়োজন শুরু হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায়।
সেই ধাঁচেই সম্প্রতি নন্দীগ্রামেও দুটি মডেল স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়—নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ওই শিবিরেই চিকিৎসার জন্য আসে অর্পিতা ও সুপর্ণা। আর সেখান থেকেই শুরু হয় তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার প্রক্রিয়া।
রাজনীতির কোলাহলের মাঝেও এই উদ্যোগ মানবিকতার এক অন্য দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন অনেকেই।







