নাট্যজগতের কিংবদন্তি বাদল সরকারের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য হিসেবে তাঁর অনন্য নাটক ‘পাগলা ঘোড়া’ এবার বড়োপর্দায় রূপ পেতে চলেছে। পরিচালক শেখর দাস এই শক্তিশালী নাট্যকর্মকে রূপান্তর করছেন চলচ্চিত্রে, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী, সুজন মুখোপাধ্যায়, চন্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় ও শ্রীজাত সাহা প্রমুখ। প্রযোজনার দায়িত্বে রয়েছে স্বভূমি ফিল্মস।
সমাজের পুরুষতান্ত্রিক কাঠামো, দমন-পীড়িত আবেগ ও সম্পর্কের জটিলতা ঘিরে নির্মিত এই নাটক এক সময় মঞ্চে দর্শক মনে আলোড়ন তুলেছিল। এবার সেটিকেই ক্যামেরার ফ্রেমে বাঁধতে চলেছেন শেখর। তাঁর কথায়,”আমি তো কখনও থেমে যাইনি, গল্প বলার মধ্যে ছিলাম সবসময়। ছোটোবেলা থেকে বাদল সরকারের নাটক আমার শিরায় রক্তে। সেই লেখাকে সিনেমায় রূপ দেওয়া যেন এক স্বপ্নপূরণ। তবে সিনেমা ও থিয়েটারের ভিন্ন ভাষা, তাই কিছু রূপান্তর তো থাকবেই। আশা করছি দর্শক গ্রহণ করবেন সেই নতুনতাকে।”
গার্গী রায়চৌধুরী বলেন,”শেখরদার পরিচালনায় কাজ করাটাই আনন্দের, তার ওপর বাদল সরকারের লেখা, এক কথায় স্বপ্নপ্রাপ্তি। স্ক্রিপ্ট পড়েই রাজি হয়ে গিয়েছিলাম।” অন্যদিকে, রজতাভ দত্ত জানান,”বাদল সরকারের নাটক মানেই এক গভীর দায়িত্ব। বড়োপর্দায় এমন একটা চরিত্র করতে পেরে গর্বিত।” নতুন মুখ দীর্ঘয়ী পালের জন্য এটি তাঁর প্রথম সিনেমা। ওয়ার্কশপে অংশ নিয়ে তিনি জানিয়েছেন,”অভিজ্ঞতা অসাধারণ। এত বড় একটি প্রজেক্টে সুযোগ পাওয়া আমার অভিনয়জীবনের মাইলফলক হতে চলেছে।” ঋতব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন,”আমি তখন বাদল সরকার নিয়ে এক গবেষণার কাজ করছিলাম, ঠিক তখনই পেলাম ‘পাগলা ঘোড়া’র অফার। এমন সমাপতন সত্যিই দুর্লভ।”
ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। নাটকটির ভাষা, প্রতিবাদী সুর এবং সমাজমুখী বার্তা নিয়ে গড়ে উঠছে এই নতুন ছবি, যা বড়োপর্দায় দর্শকদের সামনে তুলে ধরবে এক নতুন মাত্রার নাট্যচেতনা। এখন শুধু অপেক্ষা, কবে ছুটবে সেই ‘পাগলা ঘোড়া’ রূপালি পর্দায়, কারণ এই ঘোড়া থামার নয়, বরং ছুটতেই চায় অবিরাম।







