বিশ্বের সবচেয়ে ধনী দেশ আজ ঋণের জালে জড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ এখন দেশের মোট জিডিপির ১২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ সরকার প্রতি ১০০ ডলার আয় করলে, তাদের ধার ১২৫ ডলার! আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার দাবি, বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে আমেরিকার অবস্থান হবে ইতালি ও গ্রিসের থেকেও নাজুক।
২০০৮-০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর ইউরোপের চারটি দেশ—পর্তুগাল, ইতালি, গ্রিস ও স্পেন (PIGS)—কে আর্থিক দুর্বলতার প্রতীক হিসেবে দেখা হতো। আজ সেই ইতালির ডেট-জিডিপি অনুপাত ১৩৭ শতাংশ এবং গ্রিসের ১৩০ শতাংশ। আইএমএফ-এর অনুমান, ২০৩০ সালে আমেরিকার অনুপাত ছুঁতে পারে ১৪৩ শতাংশের কাছাকাছি। অর্থাৎ ধার করে চলা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিকেও টলিয়ে দিতে পারে।
অর্থনীতিবিদদের একাংশের মতে, ধনী দেশ ও ব্যক্তি সহজেই ধার পায়—তাদের আর্থিক শক্তি, রেকর্ড ও বাজারের আস্থা থাকে। মার্কিন বন্ড এখনও বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচিত। তুলনায় ভারতের ডেট-জিডিপি অনুপাত প্রায় ৮২.৫ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম, তবুও আন্তর্জাতিক বাজারে মার্কিন বন্ডের রেটিং এখনও উচ্চ।
সমস্যার সূত্রপাত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বিগ বিউটিফুল বিল’ করছাড় নীতিতে। ধনীদের জন্য রেয়াতের ফলে সরকারের আয় কমে গেছে, অন্যদিকে প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়েছে বহুগুণ। ফলে কোষাগার পূরণে সরকারের ভরসা হয়েছে আরও বেশি বন্ড ইস্যু করা। এতে ফেডারেল রিজার্ভ ও হোয়াইট হাউসের মধ্যে দ্বন্দ্বও তীব্র আকার নিয়েছে।
আইএমএফ-এর সতর্কতা স্পষ্ট—এই ঋণের প্রবণতা অব্যাহত থাকলে আমেরিকার অর্থনীতি ধসে পড়তে পারে। আর মার্কিন অর্থনীতির পতন মানে গোটা বিশ্ববাজারে ধাক্কা।
যুগ কি তবে চার্বাকের?
ভারতীয় দর্শনে সুখের সংজ্ঞা বহু রকম। মহাভারতের যক্ষপ্রশ্নে যুধিষ্ঠির বলেছিলেন, সত্যিকারের সুখী সেই, যার কোনও ঋণ নেই, যিনি প্রবাসে থাকেন না, এবং সাদাসিধে ভোজনে তৃপ্ত থাকেন। অন্যদিকে, ঋষি চার্বাকের দর্শন বলেছিল—“ধার করে হলেও ঘি খাও।” আধুনিক আমেরিকা কি সেই চার্বাকীয় দর্শনেই বন্দি? ধার করে সুখে থাকার এই নেশা কি শেষ পর্যন্ত সভ্যতাকেই বিপদের মুখে ঠেলে দেবে?
বিশ্ব এখন তাকিয়ে—ঋণ-দর্শনের শেষ কোথায়?







