রবিবার থেকেই রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখনই পারদ পতনের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ফলে বুধবার পর্যন্ত ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরও একই সতর্কতা জারি হয়েছে।
বর্তমানে নিম্নচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে এবং আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে পৌঁছাবে বলে পূর্বাভাস। অন্যদিকে, মধ্য বাংলাদেশ ও উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ সোমবার ও কাল মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ পরিষ্কার থাকবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শুক্রবারেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি চলবে, শনিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে সেখানেও পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব ধীরে ধীরে কমে আসছে, ফলে রাজ্যের বেশ কিছু জেলায় আবহাওয়ার উন্নতি হবে। তবে শীতের আমেজ কবে থেকে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। কলকাতায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।







