জেলারাজনীতি

চুঁচুড়ায় তৃণমূলের নবগঠিত কমিটি ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হল

হুগলি জেলার চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের নবগঠিত শহর কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানাল জেলা নেতৃত্ব। সোমবার এক সাংবাদিক বৈঠকে হুগলি–শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন এবং জেলা চেয়ারপার্সন অসীমা পাত্র জানান, “গতকাল যে নতুন কমিটি চুঁচুড়ায় ঘোষণা করা হয়েছে, তা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ডিজলভ থাকবে।”

রবিবার চুঁচুড়ার একটি প্রেক্ষাগৃহে নবনিযুক্ত শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নতুন কমিটি ঘোষণা করেছিলেন। সেই কমিটিতে ছিলেন কয়েকজন পুরনো সদস্য এবং একাধিক নতুন মুখ — যার মধ্যে উল্লেখযোগ্য সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের ভাই তথা প্রাক্তন সিআইসি গোবিন্দ দাশগুপ্ত। তবে সোমবারই জেলা নেতৃত্ব জানায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আপাতত কমিটি স্থগিত করা হয়েছে।

অরিন্দম গুঁইনের বক্তব্য, “বর্তমানে এসআইআর এবং ভোট সংক্রান্ত নানা কাজে দলের কর্মীরা ব্যস্ত থাকায়, সাংগঠনিকভাবে কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্থগিতাদেশ জারির পর শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “আমার কাছে একটি পত্র এসেছে, যাতে নতুন কমিটির উপর স্থগিতাদেশের নির্দেশ রয়েছে। তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত, আমি সেটাকেই মান্যতা দিচ্ছি।”

অন্যদিকে, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “নতুন কমিটি গঠনের বিষয়ে আমি কিছুই জানি না। কখন গঠন হল বা কবে স্থগিত হল, সে সম্পর্কেও কোনও তথ্য আমার কাছে নেই।”

নবনিযুক্ত সহ–সভাপতি সঞ্জয় পাল জানান, তাঁকে কোনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাঁর কথায়, “আমি সংবাদমাধ্যম থেকেই নতুন কমিটির কথা জানতে পারি। আপাতত আমরা এসআইআরের প্রতিবাদে আগামী ৫ নভেম্বর ঘড়ি মোড়ে এক ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতিতেই ব্যস্ত।”

উল্লেখযোগ্যভাবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে শহর সভাপতি করার পর থেকেই চুঁচুড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পুজোর পর রচনা চুঁচুড়া পুরসভার সামনে বিজয়া সম্মিলনীতে শ্যামাপ্রসাদকে পাশে নিয়ে বলেছিলেন, “কেউ পিছনে লাগলে ফনা ধরে ছোবল মারতে পারে ও।”

শ্যামাপ্রসাদের ডাক নাম ‘ফনি’। এখন সেই ‘ফনি’র তৈরি কমিটিই মান্যতা পেল না দলের কাছে। আসন্ন এসআইআর আন্দোলন ও ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসে যে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.