হঠাৎই অসুস্থ হয়ে পড়েন টলিউড অভিনেতা জীতু কামাল। বুধবার রাতে আচমকাই আসে সেই খবর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর এখন তিনি হাসপাতালেই ভর্তি আছেন। উদ্বিগ্ন হয়ে রয়েছেন অভিনেতার অনুরাগীরা। অভিনেতার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সমাজমাধ্যমে সেই চিন্তার কথাই জানালেন অভিনেত্রী।
ফেসবুকে দিতিপ্রিয়া লেখেন,“প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” প্রসঙ্গত কয়েক মাস আগে প্রকাশ্যে এসেছিল নায়ক ও নায়িকার কিছু কথোপকথন। সেই কথোপকথন ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। কিন্তু সব জল্পনাকে পিছনে ফেলে তারা ফের ফিরেছেন একসাথে। এখন তাঁরাই দর্শকের অন্যতম প্রিয় জুটি।
কিন্তু, কী হয়েছে জীতুর? সূত্রের খবর, আউটডোর শুটিং করতে গিয়ে হঠাৎই অজ্ঞান হয়ে যান অভিনেতা। সঙ্গে বুকে ব্যথা ও জ্বর শুরু হয়। এই অবস্থায় তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, সকাল থেকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এবং শুটিং সেটে ছিলেন সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।







