নিজস্ব সংবাদদাতা : বীরভূমের দুবরাজপুরের ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে অপসারিত করে দেওয়া হল ভোলা মিত্রকে। উল্লেখ্য এই ভোলা মিত্র হল অনুব্রত-ঘনিষ্ঠ । দুবরাজপুরে দলের ১৫ জনের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থান পাননি তিনি। একাধিক দুর্নীতির অভিযোগে এবার দুবরাজপুর ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁরই ঘনিষ্ঠ ভোলা মিত্রকে।
রবিবার বীরভূম জেলায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের কোর কমিটি বৈঠকে বসে । আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোর কমিটির বৈঠকে দুবরাজপুরে দলের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটিতেও জায়গা হল না কেষ্ট ঘনিষ্ঠ নেতার । বীরভূমের সাংসদ ও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য শতাব্দী রায় জানান, ‘দুবরাজপুরের ব্লক সভাপতি থাকল না। আজকে নির্বাচন কমিটি তৈরি হল। যেখানে আহ্বায়ক স্বপনবাবু ও রফিকুল হল। ১৫ সদস্যের কমিটি হয়েছে। ব্লক কমিটিই থাকল না।’ সূত্রে খবর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বীরভূমে জনসংযোগ যাত্রায় এসে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন।
গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে রেখে দল পরিচালনার জন্য ৯ সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কমিটিতে অনুব্রত মণ্ডলের বিরোধী পরিচিত শতাব্দী রায় ও কাজল শেখ জায়গা পান। রবিবার ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল ভোলা মিত্রকে। ‘দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুয়ায়ী চলা উচিত। দলের যারা উর্ধ্বতন নেতৃত্ব যাঁরা আছেন তাঁরা যা ভাল বুঝেছেন সেটাই করেছেন’ এমনটাই জানিয়েছেন অপসারিত ভোলা মিত্র । এই বিষয়কে কেন্দ্র করে শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, ধ্রুব সাহার বলেন , ‘আর কোন কোন ব্লক কমিটির সভাপতিকে সরানো হয়েছে দেখে নিন। আর কাকে করা হবে। পূর্ত কর্মাধ্য়ক্ষকে যুবরাজ বলেছেন সরানো হয় কিনা দেখি। তৃণমূলের তো সবাই চোর । পঞ্চায়েত ভোটের আগে মানুষের কাছে ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে।’ রবিবার ১৫ সদস্যের নির্বাচন কমিটির আহ্বায়ক করা হয় ব্লক কমিটির প্রাক্তন সহ সভাপতি স্বপন মণ্ডল ও রফিকুল মণ্ডলকে। পরে ফিরহাদ হাকিম বলেন, ‘আমাদের কিছু জায়গায় প়ঞ্চায়েত নির্বাচন কমিটি করা হল কয়েকটা ব্লকে। কয়েকটা ব্লকে কিছু অতিরিক্ত সদস্য করা হল। আগামী পঞ্চায়েত বোটে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সেটা যাতে এখানে হয়। একটা সংযোগ কর্মসূচি করতে বলেছি। ‘







