মুর্শিদাবাদের রানিনগর থানা লাগোয়া নজরানা নবীর মোড়ে রবিবার রাত হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। বিকট শব্দে আতঙ্কে ঘরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে অনেকেই ভেবেছিলেন বোমাবাজি চলছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই করুণ গোঙানি কানে আসে। বাইরে বেরিয়ে দেখা যায়, কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছেন। বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পৌঁছতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং জখমদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করে। তাঁদের মধ্যে এক যুবক, আয়ান শেখ, গুরুতর জখম হয়েছেন। তাঁর পায়ে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন রাতে ৫-৬ জন মিলে বোমা বাঁধছিলেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয়েছে। পরে আরও দু’জনকে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ। সোমবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বোমা তৈরি করার সময়ই এই দুর্ঘটনা। এখনো কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ এমনিতেই দীর্ঘদিন ধরে বারুদ ও বোমা উদ্ধারের ঘটনায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। গত বছর একের পর এক তল্লাশি চালানো হয়েছিল। আগামী বছর নির্বাচন সামনে রেখে ফের এই জেলায় বারুদের আঁতুড়ঘর তৈরি হচ্ছে কিনা, সেই দিকেই নজর তদন্তকারীদের।







