খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি:বোর্ডের নির্দেশে রোহিত খেলবেন বিজয় হাজারে, কোহলির যোগদান নিয়ে বাড়ছে জল্পনা

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে কড়া অবস্থান নিয়েছে। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে যদি এই দুই তারকা ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করতে চান, তবে তাঁদেরকে ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে বাধ্যতামূলকভাবে খেলতে হবে। দেশের এই ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ২৪ ডিসেম্বর থেকে। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন রোহিত এবং কোহলি। এই জুটি এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়। শেষবার তাঁদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলতে দেখা গিয়েছিল।জানা গেছে, ‘হিট ম্যান’ রোহিত শর্মা ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত। তবে বিরাট কোহলির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বোর্ডের ভেতরের সূত্র জানাচ্ছে, যেহেতু এই দুই তারকা এখন মাত্র একটি ফরম্যাটে সক্রিয়, তাই ফিটনেস বজায় রাখার জন্য তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিসিআই সূত্র জানিয়েছে, “বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট উভয় খেলোয়াড়কেই স্পষ্ট করে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাঁদের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তাঁরা দুজনেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ফিট থাকার জন্য তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলাটা জরুরি।” প্রধান নির্বাচক অজিত আগারকারও এর আগে একই কথা বলেছিলেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন, “আমরা স্পষ্ট করে দিয়েছি যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বিবেচিত হতে হলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক।”

চলতি বছরের শুরুতে রনজি ট্রফির একটি ম্যাচে অংশ নিয়ে এই জুটি প্রথমবার ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে রোহিত ৮, ৭৩ এবং ১২১ রান করেন, আর কোহলি করেন ০, ০ এবং ৭৪ রান। এই পারফরম্যান্সের কারণেই তাঁদের ফিটনেস এবং ছন্দকে এবার গুরুত্ব সহকারে দেখছে বিসিসিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.