রাজ্য

এগারো-বারো শিক্ষক নিয়োগে বিতর্ক চরমে: ‘কাট-অফ’ ৭০%–এর বেশি, পূর্ণ নম্বর পেয়েও চাকরি নয় বহু প্রার্থীর

এসএসসি-র এগারো-বারোর শিক্ষক নিয়োগে ফের তীব্র বিতর্ক। কাট-অফ বেড়ে ৭০ শতাংশের গণ্ডি পেরোনোর জেরে একাধিক প্রার্থী পূর্ণ ৬০ নম্বর লিখিত পরীক্ষায় পেলেও ডাক পাননি বলে অভিযোগ উঠছে। আজ, সোমবার প্রকাশিত প্রাথমিক তালিকাকে ঘিরে ক্ষোভে রাস্তায় নামলেন নবাগত চাকরিপ্রার্থীরা।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থীকে ডাকা হয়েছে—যার প্রায় অর্ধেকই ফ্রেশার। তবু ‘অভিজ্ঞতার নম্বর’ ঘিরে ক্ষোভ তুঙ্গে। অভিযোগ, ইন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে সুবিধা পেয়েছেন। নবাগতদের দাবি, এই বাড়তি নম্বরের কারণেই তাঁদের অনেকেই বাইরে চলে গিয়েছেন।

আরও বিস্ফোরক অভিযোগ—কোনও কোনও আবেদনকারী, যাঁদের জন্ম ১৯৯৭ সালের পর, তাঁরাও অভিজ্ঞতার ১০ নম্বর পেয়েছেন বলে দাবি উঠেছে। বয়সের নিরিখে যা কার্যত অসম্ভব। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জানায়, “প্রকাশিত তালিকা সম্পূর্ণই অনলাইনে প্রার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত। এখনও সার্টিফিকেট ভেরিফিকেশন হয়নি। যাচাইকরণের পর আঞ্চলিক ভিত্তিতে চূড়ান্ত ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে। অযোগ্য প্রার্থী বাদ পড়বেন।”

তবে কমিশনের এই ব্যাখ্যায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তাঁরা জানিয়েছেন, এত উচ্চ কাট-অফের জেরে মেধাবী অনেকেই অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন।

উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ায় ইংরেজির কাট-অফ ৭৭, বাংলায় ৭৩, অঙ্কে ৭১ এবং ইতিহাসে ৭৫। অভিযোগ, এই অস্বাভাবিক কাট-অফই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নতুনদের ক্ষোভ বাড়ছে, আর সেইসঙ্গে বাড়ছে কমিশনকে ঘিরে প্রশ্ন—স্বচ্ছতার দাবিতে কি আরও কঠোর পথে নামবেন আন্দোলনকারীরা? এই বিতর্ক যে এখানেই থেমে নেই, তা স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.