রাজ্য

দিঘা জগন্নাথ মন্দিরে বদল দর্শনের সময়সূচিতে, ২২ জুন থেকে কার্যকর নতুন নিয়ম

‘ধাম’ শব্দ সরানোর পর এবার দিঘার জগন্নাথ মন্দিরে পরিবর্তন হচ্ছে দর্শনের সময়সূচিতে। আগামী ২২ জুন থেকে নতুন সময় অনুযায়ী খোলা থাকবে মন্দিরের দরজা। সকাল ৬টায় মন্দির খোলা হবে এবং দর্শনার্থীরা দুপুর ১টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। বিকেলে আগে যেখানে ৩টায় দরজা খোলা হত, সেখানে নতুন নিয়ম অনুযায়ী মন্দির খুলবে বিকেল ৪টায়। সন্ধ্যার পর রাত ৮টা পর্যন্ত চলবে দর্শন। ফলে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে।

এই সময় পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধারমণ দাস জানিয়েছেন, ভক্তদের আগমনের ধরণ এবং মন্দির পরিচালনার বাস্তব প্রয়োজন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “গত কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি গরমের সময় বিকাল ৩টা থেকে ৪টের মধ্যে অনেক কম দর্শনার্থী মন্দিরে আসেন। তাই এই সময় মন্দিরের বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।”

মন্দির উদ্বোধনের পর থেকে বিকেল ৩টেতেই দর্শনের জন্য দরজা খোলা হত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময় এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা করা হয়েছে। অন্যদিকে সকালের সময়সূচি অপরিবর্তিত রেখে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দর্শনের সুযোগ থাকবে।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচির কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে রাধারমণ দাস বলেন, “প্রচণ্ড গরমে ওই সময়ে কম দর্শনার্থী মন্দিরে আসেন। এই বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। তাই এবার থেকে ৪টের সময় মন্দির খুলবে। এই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজে ব্যবহার করা অধিক যুক্তিযুক্ত বলে আমরা মনে করেছি।”

মন্দির কর্তৃপক্ষের দাবি, এই পরিবর্তনের উদ্দেশ্য দর্শনের সময় কমিয়ে দেওয়া নয়। বরং দেবসেবা, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিক ব্যবস্থাপনার মান আরও উন্নত করাই এর লক্ষ্য। রাধারমণ দাস জানিয়েছেন, “আমরা চাই প্রত্যেক ভক্ত যখন দিঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আসবেন, তখন তাঁদের পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, সুন্দরভাবে পরিচালিত মন্দিরের যেন দর্শন করানো আমাদের লক্ষ্য।”

অল্প সময়ের মধ্যেই দিঘার এই মন্দির পূর্ব ভারতের অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে এখানে। সেই কারণে দেবসেবা, রক্ষণাবেক্ষণ ও ভক্তসেবার মান বজায় রাখতে প্রশাসনিক ও পরিচালনাগত কিছু পরিবর্তন সময়ের সঙ্গে প্রয়োজন হয়ে পড়ে। মন্দির কর্তৃপক্ষের মতে, নতুন সময়সূচি সেই প্রয়োজন থেকেই চালু করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকেও সরানো হয়েছে ‘ধাম’ শব্দটি। বর্তমানে এর নাম করা হয়েছে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। তৃণমূল সরকারের আমলে নির্মিত এই মন্দিরের নাম রাখা হয়েছিল ‘শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার’, যা নিয়ে বিভিন্ন মহলে আপত্তি উঠেছিল। কোনও মন্দিরকে ‘ধাম’ বলা যায় কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়। পরে বিজেপি সরকার সেই নাম থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেয়। এবার পরিবর্তন করা হল মন্দিরের দর্শনের সময়সূচিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.