খেলাধুলা

পন্থের পরে বুমরাহর চোটে পেস আক্রমণে ছেঁদ, গম্ভীরদের কপালে চিন্তার ভাঁজ

চতুর্থ টেস্টের মাঠে ভারতের ব্যথিত রূপ। একদিকে ব্যথা ভুলে ব্যাট করছেন ঋষভ পন্থ, অন্যদিকে সিঁড়ি ভাঙতেও কষ্ট হচ্ছে দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহর। তাঁর হাঁটার ভঙ্গি দেখে আর সন্দেহ নেই, শরীর ভালো নেই। এই অবস্থায় প্রশ্ন উঠছে—বুমরাহ কি চোট পেয়ে টেস্ট সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন? এমন পরিস্থিতিতে ভারতের পেস ব্যাটারি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে, যার মুখোমুখি গৌতম গম্ভীর-সহ গোটা টিম ম্যানেজমেন্ট।

ম্যাঞ্চেস্টারে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয় নতুন বলে মাত্র এক ওভার করেই মাঠ ছাড়েন বুমরাহ। ফেরার সময় সিঁড়িতে হোঁচট খান তিনি। পরক্ষণেই খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে ফিরে যান। পরে চা বিরতির পর বল হাতে ফিরলেও তাঁর শরীরী ভাষা স্পষ্ট জানিয়ে দেয়—তিনি ঠিক নেই। গতি নেই, ছন্দ নেই, ছিল না কোনও নিয়ন্ত্রণও। প্রতি ওভারের শেষে তাঁর মুখে ছিল যন্ত্রণার ছাপ।

শুধু বুমরাহ নয়, হালকা চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মহম্মদ সিরাজও। ইনিংসের মাঝপথে বেশ কিছু সময় ভারত পায়নি তার দুই প্রধান বোলারকে। পরে সিরাজ ফিরলেও পারফরম্যান্সে ধার ছিল না। এই পরিস্থিতিতে ভারতের পেস আক্রমণ কার্যত ভেঙে পড়ার মুখে।

এর আগে আকাশদীপ, অর্শদীপ, নীতীশ রেড্ডি চোটের জন্য ছিটকে গিয়েছেন। বাধ্য হয়ে দলে ডাকা হয়েছে অনভিজ্ঞ অংশুল কম্বোজকে। পঞ্চম টেস্টে বুমরাহ না খেললে ভারতের বোলিং কৌশল যে একেবারে নতুন করে ভাবতে হবে, তা নিয়ে সংশয় নেই। এখন শুধু প্রশ্ন—পরের ম্যাচে আদৌ কি থাকবেন বুমরাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.