১৪ বছর বয়সেই আইপিএলের মঞ্চে বাজিমাত। ব্যাট হাতে যেন আগুন ঝরালেন বিহারের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে নামার পর প্রথম সুযোগেই ঝড় তুলে বুঝিয়ে দিলেন, প্রতিভা বয়স দেখে আসে না। বৈভবের ব্যাটিং দেখে সোমবার স্তব্ধ হয়ে গিয়েছিল গুজরাত টাইটান্সের অভিজ্ঞ বোলিং লাইনআপ। তার অসাধারণ পারফরম্যান্স রাজস্থানকে এনে দিল দুরন্ত জয় ও প্লে-অফের পথে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট।
গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে ইতিহাস গড়লেন বৈভব। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার নজির গড়ে ফেললেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ১১টি বিশাল ছক্কা। বিশেষ করে রশিদ খান, ইশান্ত শর্মা ও সিরাজের মতো অভিজ্ঞ বোলারদের দাপটহীন করে মাঠের চারিদিকে বৃষ্টির মতো বাউন্ডারি ও ছক্কা উপহার দিলেন বৈভব। শতরান করার সাথে সাথে আইপিএলে সবচেয়ে দ্রুত ভারতীয় ব্যাটার হিসেবে শতরান করার রেকর্ড গড়লেন। ভাঙলেন ২০১০ আইপিএলে ইউসুফ পাঠানের রেকর্ড।
বিহারের সমস্তিপুরের ছেলে বৈভবের ক্রিকেটযাত্রা মোটেই সহজ ছিল না। কৃষক বাবার সংগ্রামে বড় হওয়া ছেলেটির ক্রিকেট শেখার খরচ জোগাতে জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। পটনায় কোচ মণীশ ওঝার কাছে নিয়মিত অনুশীলন করে নিজেকে তৈরি করেছে বৈভব, যাতায়াতে প্রায় ১০০ কিমি পথ পেরিয়ে।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের নিলামে ১.১০ কোটি টাকায় বিক্রি হওয়ার সময় বিশেষজ্ঞরা সন্দিহান ছিলেন। তবে রাহুল দ্রাবিড়ের ভরসা যে সঠিক ছিল, তা মাঠে বৈভব প্রমাণ করে দিয়েছে। প্রথম বলেই শার্দূল ঠাকুরের বিরুদ্ধে ছয় হাঁকানো থেকে সোমবারের ঐতিহাসিক ইনিংস—সবটাই দেখিয়েছে, ওর মধ্যে রয়েছে বড় মঞ্চে সাফল্য পাওয়ার সাহস।
এর আগেও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বৈভব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছিল। বিনু মাঁকড় ট্রফিতেও ধারাবাহিকভাবে রান করেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটেছিল মাত্র ১২ বছর বয়সে, যেখানে নিজের মাটিতে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিল।
শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাতের সামনে সোমবার যেন কোনো উত্তর ছিল না বৈভবের আগ্রাসনের। বৈভব সূর্যবংশীর এই ইনিংস শুধু রাজস্থান নয়, গোটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্যই আশার আলো দেখাল। আর এক বৈশাখী ঝড় আইপিএলে—এবার তার নাম বৈভব।







