খেলাধুলা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিতকে টপকে শীর্ষে মিচেল: মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে গেলেন হিটম্যান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এলো। মাত্র ২২ দিন বিশ্বসেরা ব্যাটারের সিংহাসনে থাকার পর এক ধাপ নেমে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে সরিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রোহিত শর্মা এক নম্বর স্থান দখল করেছিলেন। তবে তাঁকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে টপকে গেলেন মিচেল। কিউয়ি এই ক্রিকেটার ৭৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন, যেখানে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে (৭৮১ পয়েন্ট)।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ নভেম্বর মিচেল যে ১১৮ বলে ১১৯ রানের ইনিংস খেলেন, তারই ফলস্বরূপ এই র‌্যাঙ্কিংয়ে উত্থান ঘটেছে। মিচেল হলেন নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার যিনি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। তাঁর আগে ১৯৭৯ সালে এই নজির গড়েছিলেন কিউয়ি ব্যাটার গ্লেন টার্নার।

রোহিত শর্মার সামনে অবশ্য এই স্থান ফিরে পাওয়ার দ্রুত সুযোগ রয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ার মতো প্রোটিয়াদের বিরুদ্ধেও যদি রোহিত তাঁর ব্যাটের ঝলক দেখাতে পারেন, তবে দ্রুতই তিনি আবার এক নম্বর স্থান পুনরুদ্ধার করতে পারবেন।
আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকার প্রথম দশে ভারতীয়দের দাপট অক্ষুণ্ণ রয়েছে। শুভমান গিল এবং বিরাট কোহলি যথাক্রমে চতুর্থ (৭৪৫ পয়েন্ট) এবং পঞ্চম (৭২৫ পয়েন্ট) স্থানে অবস্থান করছেন। এছাড়া শ্রেয়স আইয়ার অষ্টম স্থানে রয়েছেন (৭০০ পয়েন্ট)।

অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি হাঁকিয়ে বাবর আজম (৭২২ পয়েন্ট) তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। তালিকার তৃতীয়, সপ্তম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে ইব্রাহিম জাদরান, হ্যারি টেক্টর, চরিথ আশালঙ্কা এবং শাই হোপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.