আবহাওয়া

শীতের পথে বড় বাধা? বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ

নভেম্বরের সকাল-সন্ধেয় হালকা ঠান্ডা থাকলেও দিন বাড়লেই গরমের দাপট ফিরছে। শীতপ্রেমীরা তাই অপেক্ষায়— কবে আসবে সেই জমাট শীত, কবে নামবে লেপ-কম্বল? আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই নয়। বরং শীতের বদলে সামনে আসছে এক ভিন্ন ধরনের পূর্বাভাস, যা চিন্তায় ফেলেছে আবহবিদদেরও।

বছরভর বৃষ্টির দাপটেই বিপর্যস্ত বাংলা
বছরের শুরু থেকে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ— বৃষ্টি যেন পিছু ছাড়েনি। অতিবৃষ্টিতে ভেসেছে ঘরবাড়ি, বহু মানুষ হয়েছেন ক্ষতিগ্রস্ত। কোথাও বাড়ি ভেঙেছে, কোথাও প্রাণহানির মতো ভয়াবহ পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই বৃষ্টি যে এখানেই থামছে না, তারই ইঙ্গিত মিলল আলিপুর হাওয়া অফিসের নতুন পূর্বাভাসে।

আবারও নিম্নচাপের সম্ভাবনা! শীতে আসছে বৃষ্টির বাধা
আবহাওয়া দফতর জানিয়েছে, আসছে ২২ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে এবং পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।

এর প্রথম প্রভাব পড়তে পারে তামিলনাড়ু ও দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রীলঙ্কাও। নিম্নচাপটি আরও শক্তি অর্জন করবে বলেই মনে করছেন আবহবিদরা। তবে এর প্রভাব বাংলার উপর সরাসরি পড়বে কি না— এখনও নিশ্চিত নয়।

শীতের পথে ‘বৃষ্টি’র দেওয়াল
এই মুহূর্তে বাংলায় শীত ঢোকার কোনও সম্ভাবনাই নেই। ঘুরে দাঁড়িয়ে তাপমাত্রা বরং ২–৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে নভেম্বরের শেষাশেষি শীতের কোনও স্বাদই মিলবে না।

ডিসেম্বরের মাঝামাঝি পরিস্থিতি বদলাতে পারে কি না— তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আবহবিদদের মতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.