আবহাওয়া

ঝড়বৃষ্টিতে ভিজবে বাংলা, তাপমাত্রা কমার পূর্বাভাস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি চলবে আরও কয়েক দিন। ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে পারদও বেশ খানিকটা নেমেছে, যা গরমে হাঁসফাঁস করা শহরবাসীর জন্য এক বড়োসড়ো সুখবর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সারা সপ্তাহ জুড়েই। তবে, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সোমবার ও মঙ্গলবার। এই দু’দিনে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও একটু বেশি উদ্বেগজনক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে মঙ্গলবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং-সহ অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। এরপরের চার দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে তাপমাত্রা নেমে আসে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি কম। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এই বৃষ্টিতে হাঁসফাঁস করা গরম থেকে মানুষ কিছুটা হলেও শান্তি পাবে, এমনটাই আশা করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.