শীত পড়তেই বেড়াতে যাওয়ার ঝোঁক বাড়ে সকলেরই। সেই তালিকা থেকে বাদ যান না তারকারাও। পাহাড় হোক বা সমুদ্র—শীতের ছুটিতে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে নিজের মতো করে সময় কাটাতে চান প্রত্যেকেই। ঠিক তেমনই শীতের শুরুতেই নায়িকা নুসরত জাহান পাড়ি দিয়েছেন পাহাড়ে। সঙ্গে রয়েছেন স্বামী যশ দাশগুপ্ত ও তাঁদের পুত্র ঈশান। অন্যদিকে সমুদ্রের টানে পুরীতে ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন অভিনেতা-সাংসদ কাঞ্চন মল্লিক, স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, মেয়ে কৃষভি ও শাশুড়িমাকে নিয়ে।
নুসরতের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ধরা পড়ে পাহাড়ি পরিবেশে তাঁর রিল্যাক্সড মুড। যদিও কোথায় ছুটি কাটাচ্ছেন, সেই জায়গাটি প্রকাশ করেননি তিনি। নুসরতের পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে যশের সঙ্গে সময় কাটানো, আর ছোট্ট ঈশানের সঙ্গে আদুরে মুহূর্ত। যশ-নুসরতের সম্পর্ক নিয়ে মাঝে বিতর্ক তৈরি হলেও তাঁদের সাম্প্রতিক ছবিগুলো স্পষ্ট করে দিচ্ছে—সবই নিছক গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘লাভি-ডাভি’ মুডেই ধরা দিয়েছেন তারকা দম্পতি।
এদিকে শ্রীময়ী-কাঞ্চনের ছুটি একেবারে সমুদ্রসৈকতকে ঘিরে। মাত্র দু’দিনের সফর হলেও সপরিবারে পুরীর সমুদ্রবিলাস উপভোগ করছেন তাঁরা। শ্রীময়ীর পোস্টে দেখা যাচ্ছে, মা-বাবার সঙ্গে ছুটি কাটিয়ে দারুণ খুশি কৃষভি। কখনও দিদার কোলে, কখনও আবার মা-বাবার সঙ্গে—ছোট্ট কৃষভির হাসি-মাখা ছবি মন জুড়িয়ে দিচ্ছে নেটিজেনদের। সমুদ্রের ঢেউ দেখে তার বিস্ময়ভরা চাউনি, রঙিন সানগ্লাসে মিষ্টি সাজ—পুরোভাগেই শিশুটির নিখাদ আনন্দ।
শীতের আনন্দে মেতে তারকাদের এই ভ্রমণমেজাজ এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো আলোচনার কেন্দ্রে। পাহাড়ে নুসরত-যশের পারিবারিক মুহূর্ত কিংবা পুরীতে কাঞ্চন-শ্রীময়ীর সমুদ্রসফর—সব মিলিয়ে শীতের শুরুতেই তারকাপাড়ায় উৎসবের আমেজ।







