সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে দাপুটে সূচনা করল বাংলা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা সহজেই হারাল শক্তিশালী বরোদাকে। ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দলে হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা, রসিখ সালাম—চেনা মুখ নিয়ে নামলেও বাংলার সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি তারা।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বরোদার বোর্ডে ওঠে ১৮১ রান। উদ্বোধনী জুটিতে ছন্দ পেলেও নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ১৩ বলে ৩২ রানের দ্রুত ইনিংস খেলেন শিবালিক শর্মা, আর অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়ার ব্যাট আসে ৩৯ রানের লড়াকু ইনিংস। অন্যদিকে ভানু পানিয়া ২৭ বলে অপরাজিত ৫৩ রান করে দলকে লড়াইতে রাখার চেষ্টা করেন। বাংলার হয়ে সক্ষম চৌধুরী ও ঋত্বিক চট্টোপাধ্যায় দুটি করে উইকেট নেন, শাহবাজ আহমেদ ও সায়ন ঘোষ একটি করে উইকেট ভাগ করে নেন। মহম্মদ শামি নেন ১ উইকেট, দেন ৩৯ রান।
জবাবে দুরন্ত গতিতে রান তোলা শুরু করেন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। পাওয়ার প্লের আগেই ৮২ রান তুলে ম্যাচ কার্যত ছিনিয়ে নেয় বাংলা। অভিষেক ২৪ বলে অর্ধশতরান (৫০) ও করণ লাল ২১ বলে ৪২ রান করে দলের ভিত তৈরি করেন। পরে মাঝের কয়েকটি উইকেট দ্রুত পড়লেও ঠাণ্ডা মাথায় কাজ সারেন সুদীপ ঘরামি (২৭*), শাহবাজ আহমেদ (৩৮*)। মাত্র ১৭.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলা।
অন্যদিকে ইডেন গার্ডেন্সে দিনটা হতাশার হয়ে রইল বিহারের জন্য। প্রথমে ব্যাট করে তারা তোলে মাত্র ১৫৭ রান। বৈভব সূর্যবংশী মাত্র ৪ বলে ১৪ রান করে দুই ছক্কায় নজর কাড়লেও দলের হার আটকাতে পারেননি। নির্ধারিত লক্ষ্য ১৮.৪ ওভারে টপকে নেয় চণ্ডীগড়।
বাংলার জন্য টুর্নামেন্টের প্রথম দিনটি তাই দুর্দান্ত সাফল্যের, অন্যদিকে ইডেনে বিষাদের সুর বিহারের ড্রেসিংরুমে। টুর্নামেন্ট যত এগোবে, নজর থাকবে এই গতি ধরে রাখতে পারে কিনা একঝাঁক তরুণ নেতৃত্বাধীন বাংলা।







