ধর্মস্থলা মন্দির—একদিকে কর্ণাটকের অন্যতম পবিত্র স্থান, আর অন্যদিকে এখন ভয়ংকর অভিযোগের কেন্দ্রবিন্দু।
এক প্রাক্তন সাফাইকর্মীর বিস্ফোরক অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। তাঁর দাবি, ১৯৯৫ থেকে ২০১৪—প্রায় দুই দশকে, এই মন্দির সংলগ্ন এলাকায় গোপনে কবর দেওয়া হয়েছে শতাধিক মৃতদেহ। অভিযোগ, মৃতদের মধ্যে ছিলেন নারী, কিশোরী ও দরিদ্র পুরুষরা। এদের অনেকেই নাকি ধর্ষণের পর খুন হয়েছিলেন।
এই প্রাক্তন কর্মী বর্তমানে পুলিশের হেফাজতে এবং আদালতের সুরক্ষায় রয়েছেন। তাঁর দাবি, মন্দির কর্তৃপক্ষের নির্দেশেই তাঁকে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল।
এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তকারীরা ইতিমধ্যেই প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে।
আর এই অভিযোগের পরই নতুন করে আলোচনায় এসেছে ২০০৩ সালে নিখোঁজ হওয়া মেডিক্যাল ছাত্রী অনন্যা ভাট-এর ঘটনা। তাঁর পরিবারের দাবি, অনন্যার রহস্যজনক অন্তর্ধান হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, ধর্মস্থলা মন্দির পরিচালনা করে হেগগড়ে পরিবার, যাদের কর্ণাটকে যথেষ্ট রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চান এবং প্রশাসনকে সবরকম সহযোগিতা করবেন।
তবে এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠছে—এত বছর ধরে কীভাবে গোপনে চলেছে এমন ভয়ংকর অপকর্ম? কাদের প্রশ্রয়ে? আর ক’জন এমন অন্ধকারে নিঃশব্দে হারিয়ে গেছেন, তার হিসেব কি আদৌ মিলবে?







