দাউ দাউ করে জ্বলছে সাতটি বহুতল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা অঞ্চল। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো শিহরণ সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক হাউজিং কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ইতিমধ্যেই পৌঁছেছে ১২৮-এ। এখনও অনেকে নিখোঁজ, প্রশাসনের অনুমান—মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
একসময় বিশ্বের অন্যতম নিরাপদ নগরীর তকমা ছিল হংকংয়ের নামে। অথচ সেখানে কীভাবে রাতারাতি সাতটি বহুতল ধ্বংসস্তূপে পরিণত হলো? কেন আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগল? এখনও স্পষ্ট উত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। তবে আগুন লাগার কয়েক মুহূর্ত আগেই উঠে এসেছে একটি ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ভাইরাল সেই ক্লিপে দেখা গেছে একটি বহুতলের বাইরের দেওয়ালের ধারে এক নির্মাণশ্রমিক বসে ধূমপান করছেন। নেটিজেনদের প্রশ্ন—তাঁর হাতের সিগারেট থেকেই কি আগুন লেগেছিল? এ নিয়ে চলছে জোর আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহুতলগুলিতে সংস্কার ও মেরামতির কাজ চলছিল। বাইরে বাঁশের ভারা বাঁধা ছিল, ঝুলছিল দাহ্য প্লাস্টিক শিট ও সেফটি নেট। তাই আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। একের পর এক তল ভস্মীভূত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি—গত কয়েক দশকে তাই পো অঞ্চলের এমন আগুন দেখা যায়নি।
এই ঘটনার পর সংস্কার কাজে যুক্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ উঠেছে। টানা দুই দিন যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দগ্ধ ভবনগুলির অভ্যন্তরে এখনও আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। হংকং আজ শোকস্তব্ধ—প্রশ্ন একটাই, একটি সিগারেট কি কেড়ে নিল এত জীবন?







