আন্তর্জাতিক ডেস্ক: আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক পাচারের অভিযোগে তাঁর গ্রেফতারি অভিযানে পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এর ফলে মাদুরোকে ধরিয়ে দিলে এখন মিলবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার—প্রায় ৪১৭ কোটি টাকার সমান।
ওয়াশিংটন গত জানুয়ারিতে মাদুরোকে আটক করতে পারলে ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। মাত্র ছয় মাসের মধ্যেই সেই অঙ্ক বাড়িয়ে বৃহস্পতিবার তা দ্বিগুণ করে জানিয়ে দিল মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় জানান, বিদেশ মন্ত্রক ও বিচার বিভাগ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক চক্রের নেতা আখ্যা দিয়ে তিনি বলেন, “তিনি মার্কিন নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।”
বন্ডি দাবি করেন, মাদুরোর সঙ্গে জড়িত প্রায় ৭০ মিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভেনেজুয়েলা সরকারের দুটি বিমানও। তাঁর অভিযোগ, এত কিছু সত্ত্বেও মাদুরো অপরাধ সাম্রাজ্য ও ভীতি প্রদর্শনের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি দৃঢ়প্রতিজ্ঞ—এই মাদক পাচারকারীকে বিচারের মুখোমুখি করতেই হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল টেলিগ্রামে এক পোস্টে লেখেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহু জরুরি বিষয়ে আলোচনার প্রয়োজন থাকলেও আমেরিকা তা আড়াল করতে হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছে।”
উল্লেখ্য, ২০২০ সালে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসন মাদুরোসহ ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করে। যুক্তরাষ্ট্রের দাবি, গত দুই দশকে ভেনেজুয়েলা অন্তত এক লক্ষ টন মাদক পাচারে জড়িত।







