Lনিজস্ব সংবাদদাতা: আজ বারুইপুরে অনুষ্ঠিত হল মহিলাদের সার্বিক স্বাস্থ্য ও সার্ভাইক্যাল ক্যানসার সচেতনতা শিবির। বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি (BOGS), চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI) এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে, এবং নিষ্ঠা–র সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BOGS–এর বিশিষ্ট প্রতিনিধিরা— ড. এম. এম. সামসুজ্জোহা, প্রেসিডেন্ট, BOGS; ড. তুলিকা ঝা, অনারারি সেক্রেটারি, BOGS; ড. শক্তিরূপা চক্রবর্তী ও ড. শাবানা রোজ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য, BOGS; ড. সুষ্মিতা মিত্র ও ড. শর্মিষ্ঠা গাঙ্গুলী, BOGS সদস্য। সঙ্গে ছিলেন মিস মালশ্রী সাহু, সিনিয়র ম্যানেজার, নিষ্ঠা।
CINI-এর পক্ষ থেকে শিবির পরিচালনায় সক্রিয় ভূমিকা নেন শ্রাবণী দাস, সঞ্চারী চক্রবর্তী, রবি সামন্ত ,সায়নী অধিকারী এবং সারিকা পারভিন।শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলাদের সার্বিক স্বাস্থ্যপরীক্ষা, রক্তস্বল্পতা শনাক্তকরণ, হাড়ের ঘনত্ব পরীক্ষা, সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এবং প্রাথমিক জীবনরক্ষাকারী দক্ষতা অর্জন। বহু কিশোরীর কাছে এই প্রথমবার সার্ভাইক্যাল ক্যানসার ও HPV ভ্যাকসিন সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়।
হিমোগ্লোবিন ও বোন ডেনসিটি পরীক্ষায় অংশ নেন শতাধিক মহিলা ও কিশোরী। দেখা যায়, ১৪–২২ বছর বয়সী ৯৪% কিশোরীর হিমোগ্লোবিন ১২ g/dl–এর নিচে, যা এলাকার রক্তস্বল্পতার ভয়াবহ বাস্তবতা কে তুলে ধরে। গড় হিমোগ্লোবিনের মাত্রা ছিল মাত্র ১০.৬ g/dl। পরীক্ষার পরে আয়রন, ক্যালসিয়াম ট্যাবলেট এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। BOGS–এর চিকিৎসকেরা জানান, রক্তস্বল্পতা–প্রবণ জনগোষ্ঠীর জন্য সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধি ও HPV ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত জরুরি। তাঁরা আরও ঘোষণা করেন, আগামী পর্বে ১৫ বছরের নিচে আগ্রহী কিশোরীদের বিনামূল্যে HPV ভ্যাকসিন দেওয়া হবে।
দিনভর চলা শিবিরে হাতে-কলমে CPR প্রশিক্ষণ ছিল অন্যতম আকর্ষণ। CPR, সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধ ও সাধারণ স্বাস্থ্য বিষয়ে কুইজ অংশগ্রহণকারীদের মধ্যে আলাদা প্রাণসঞ্চার করে—বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ছোট উপহার।
রক্তস্বল্পতার উদ্বেগজনক চিত্র নিয়ে CINI–র ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার শ্রী সুজয় রায় বলেন—
“আজকের পরীক্ষায় স্পষ্ট—১৪ থেকে ২২ বছর বয়সী ৯৪% কিশোরী রক্তস্বল্পতায় ভুগছে, গড় হিমোগ্লোবিন মাত্র ১০.৬ g/dl। এটি শুধু পুষ্টির সংকট নয়, সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রেও বড় সতর্কবার্তা। গবেষণায় দেখা যায়, দীর্ঘমেয়াদি রক্তস্বল্পতায় ভোগা মহিলাদের মধ্যে HPV ভাইরাল লোড বেশি থাকে, ভাইরাস শরীর থেকে বের না-হওয়ার সম্ভাবনাও বেশি, এবং CIN-এ অগ্রগতির ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি। তাই এই মেয়েদের জন্য দ্রুত HPV ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি।”
শিবিরে সহযোগিতা করে সিরাম প্যাথলজি, যারা অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করে।
অংশগ্রহণকারীদের মধ্যে নাসিমা নামে এক কিশোরী জানায়—হিমোগ্লোবিন পরীক্ষা মানেই সূচ ফোটা ভেবে সে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু যখন দেখল পরীক্ষা হচ্ছে একটি ব্যথাহীন, নন–ইনভেসিভ ডিভাইসের মাধ্যমে, তখন তাঁর ভয় কেটে যায়। CPR শেখা ও কুইজে অংশ নিয়ে পুরস্কার পাওয়ার পর মেয়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের বিশ্বাস, আগামী দিনে এদের অনেকেই HPV ভ্যাকসিন নিয়ে নিজেদের আরো সুরক্ষিত করার উদ্যোগ নেবে।







