একেবারে সুস্থ, স্বাভাবিকভাবে হেঁটে চলাফেরা করছেন। অথচ আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। বৃহস্পতিবার অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যু ফের এমন ঘটনাকে সামনে এনে নাড়িয়ে দিয়েছে সকলকে। জানা গিয়েছে, আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন অভিনেতা। প্রায় ৪৫ মিনিট ধরে CPR দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
তবে হার্ট অ্যাটাক বা স্ট্রোক যে সবসময় আচমকাই আসে, এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই এর নেপথ্যে দীর্ঘদিন ধরে থাকা একাধিক শারীরিক ঝুঁকি কাজ করে। হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার জানিয়েছেন, প্রথমবার হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা হার্ট ফেলিওরের প্রায় ৯৯ শতাংশ ক্ষেত্রেই আগে থেকে কোনও না কোনও ঝুঁকি বা শারীরিক সমস্যা উপস্থিত থাকে।
চিকিৎসকের বক্তব্য, এই ঝুঁকিগুলি অনেক সময় কোনও স্পষ্ট উপসর্গ ছাড়াই বছরের পর বছর শরীরের ভিতরে ক্ষতি করে যেতে পারে। ফলে নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।
উচ্চ রক্তচাপের ঝুঁকি
উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলেও অনেকের ক্ষেত্রে কোনও উপসর্গ দেখা যায় না। অথচ ক্রমাগত উচ্চ রক্তচাপ রক্তনালির ক্ষতি করার পাশাপাশি হৃদ্যন্ত্রের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। এর ফলে বাড়তে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা।
বিপদ বাড়ায় LDL কোলেস্টেরল
রক্তে খারাপ কোলেস্টেরল বা LDL-এর মাত্রা বেশি থাকলে ধীরে ধীরে রক্তনালির ভিতরে চর্বিজাতীয় প্লাক জমতে পারে। সময়ের সঙ্গে সেই প্লাক রক্তনালির পথ সংকীর্ণ করে দেয়। কোনও সময় প্লাক ফেটে গিয়ে সেখানে রক্ত জমাট বাঁধলে রক্তপ্রবাহ আচমকা বন্ধ হয়ে যেতে পারে। যার ফল হতে পারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক।
ডায়াবেটিসের আগেও সতর্কতা জরুরি
ডায়াবেটিস ধরা পড়ার আগেই অনেকের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে রক্তনালিতে প্রদাহ এবং ক্ষতির প্রক্রিয়া বাড়তে পারে। ফলে বেড়ে যায় হৃদ্রোগের ঝুঁকিও।
ধূমপানেও বাড়ে হৃদ্রোগের আশঙ্কা
ধূমপানের ক্ষতি শুধু ফুসফুসেই সীমাবদ্ধ নয়। হৃদ্যন্ত্র ও রক্তনালির উপরও এর গুরুতর প্রভাব রয়েছে। ধূমপান রক্তনালির ক্ষতি করতে পারে, শরীরে অক্সিজেনের সরবরাহ কমাতে পারে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে ধূমপান ছেড়ে দিলে ধীরে ধীরে এই ঝুঁকি কমতে শুরু করে।
চিকিৎসকের পরামর্শ, এই চারটি গুরুত্বপূর্ণ ঝুঁকির বেশিরভাগই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা এবং কোলেস্টেরল পরীক্ষা করানো প্রয়োজন। পাশাপাশি ধূমপান বন্ধ করা, স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি করাও জরুরি। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট শারীরিক পরিশ্রম করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডা. সুধীর কুমারের মতে, কোনও চিকিৎসার প্রয়োজন হলে তা পিছিয়ে দেওয়া উচিত নয়। সময়মতো চিকিৎসা শুরু করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, বহু ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিগুলি আগেভাগে শনাক্ত করে নিয়ন্ত্রণে আনা গেলে গুরুতর পরিণতি এড়ানো সম্ভব হতে পারে।
উপসর্গকে ‘গ্যাস’ ভেবে এড়িয়ে যাবেন না
হার্ট অ্যাটাকের সময় বুকের মাঝখানে চাপ বা ব্যথা, হাত, ঘাড়, চোয়াল কিংবা পিঠে অস্বস্তি, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, বমি বমি ভাব অথবা অস্বাভাবিক ক্লান্তির মতো লক্ষণ দেখা দিতে পারে। এই ধরনের উপসর্গকে সাধারণ গ্যাস বা দুর্বলতা ভেবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।







