দেশবিনোদন

নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ, স্মৃতিচারণায় মোদি-মুর্মু থেকে শুভেন্দু

বৃহস্পতিবার সকালেই মায়ানগরীর সেলেব মহলে নেমে এল শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ তাঁর সহকর্মী ও ঘনিষ্ঠরা। গোয়ার নিজের বাড়িতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতাকে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অথচ মাত্র চার দিন আগেই গোয়ার একটি অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন ৭৫ বছরের অভিনেতা। তাই তাঁর আকস্মিক মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না কাছের মানুষজন।

নানার মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতেই নয়, শোকের আবহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। সরাসরি কখনও রাজনীতিতে সক্রিয় না হলেও নানা পাটেকর নিজের রাজনৈতিক অবস্থান ও গেরুয়া ভাবধারার প্রতি সমর্থনের কথা একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

নানার মৃত্যুতে শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ভারতীয় চলচ্চিত্রে তাঁর মতো তীব্রতা, স্বাতন্ত্র্য এবং নিজস্ব উপস্থিতির অধিকারী অভিনেতা খুব বেশি ছিলেন না। প্রতিটি চরিত্রে নানা তাঁর অভিনয়ের বৈচিত্র্য ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। তাঁর অভিনীত বহু চরিত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে। নিজের মতামত প্রকাশের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত স্পষ্ট এবং নির্ভীক। যা বিশ্বাস করতেন, তা প্রকাশ করতে কখনও পিছপা হননি। হিন্দি ও মারাঠি ছবিতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে গভীর শূন্যতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরিবারের সদস্য, বন্ধু ও অগণিত অনুরাগীর প্রতি সমবেদনা জানান তিনি।

নানা পাটেকরের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

সত্তরের দশকে নাট্যমঞ্চের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন নানা। সেই কারণেই সম্ভবত সারাজীবন গোষ্ঠীজীবন ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার এক ইতিবাচক ভাবনা লালন করেছেন তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা মধ্যবিত্তের জীবনযাপনের প্রতি তাঁর টান তাঁকে অনেকের চোখে বামপন্থী চিন্তার মানুষ হিসেবেও তুলে ধরেছে। ফলে তাঁরটি রাজনৈতিক অবস্থান নিয়ে এক ধরনের বৈপরীত্যের কথাও সামনে আসে। তবে মানুষের ব্যক্তিত্বে এমন দ্বৈততা থাকা অস্বাভাবিক নয়।

প্রাতিষ্ঠানিক রাজনীতিতে কখনও পা রাখেননি নানা। তবে তাঁর সিনেমা, অভিনয় এবং বিভিন্ন কাজের মধ্য দিয়ে রাজনৈতিক সচেতনতা ও নিজস্ব দর্শনের প্রতিফলন বারবার দেখা গিয়েছে। ব্যক্তিমানুষ নানা ছিলেন নিষ্ঠা, পরম্পরা এবং অনুশাসনের প্রতি গভীরভাবে বিশ্বাসী। একইসঙ্গে মারাঠা সংস্কৃতি ও সত্তার প্রতি তাঁর ছিল প্রবল টান। সম্ভবত এই কারণেই সাধারণ মানুষের কাছে তিনি এতটা আপন হয়ে উঠেছিলেন।

তাঁর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ২০১৪ সালে বিজেপির তরফে তাঁকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই প্রস্তাব গ্রহণ করেননি অভিনেতা। সরাসরি রাজনীতির ময়দানে নামার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

নানার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, নানা পাটেকর এমন বহু চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকের মনে দীর্ঘদিন অমলিন থাকবে। সমাজসেবার প্রতি তাঁর দায়বদ্ধতা এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি গভীর সহমর্মিতাও তাঁর ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক ছিল বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, নানার আকস্মিক প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। ভারতীয় সিনেমা তার অন্যতম শক্তিশালী, সৎ এবং স্বতন্ত্র কণ্ঠস্বরকে হারাল। শুধু চরিত্রে অভিনয় নয়, প্রতিটি ভূমিকাতেই নানা তুলে ধরতেন বাস্তব জীবনের অকৃত্রিম ও আপসহীন চিত্র।

‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’-এর মতো ছবিতে তাঁর অভিনয় এবং ‘আব তক ছাপ্পান’-এ তাঁর দাপুটে উপস্থিতির কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিনয়ের নিজস্ব ধরন এমন একটি মানদণ্ড তৈরি করেছিল, যা অতিক্রম করা পরবর্তী প্রজন্মের অভিনেতাদের কাছেও কঠিন।

পর্দার বাইরেও নানার সরলতা, বিনয় এবং সমাজসেবা তাঁকে অন্য মাত্রা দিয়েছিল বলে উল্লেখ করেন শুভেন্দু। বিশেষ করে গ্রামীণ মানুষ ও সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য তাঁর নিঃস্বার্থ কাজের প্রশংসা করেন তিনি। নানার কণ্ঠস্বর, ব্যক্তিত্ব এবং দীর্ঘ অভিনয়জীবনের অবদান মানুষের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধু এবং দেশ-বিদেশের অগণিত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.