সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে বাইকে করে এসে তাঁর বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোড়া হয়। ঘটনায় বাড়ির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, ভোর ৫টার পর তিনি যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় বাড়ির পরিচারিকা তাঁকে হামলার খবর দেন। পরে তিনি গিয়ে দেখেন, দোতলার একটি জানলার কাচ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনতলার বারান্দার একটি স্লাইডিং ডোরের দু’টি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাইকে করে এসে বাড়ির সামনে থামেন। এরপর বাইক থেকে নেমে ব্যাগ থেকে একটি বোতল বের করে বাড়ির জানলা লক্ষ্য করে ছোড়েন বলে অভিযোগ। বাইকের নম্বর প্লেট কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এবং ওই ব্যক্তির মুখও কাপড়ে ঢাকা ছিল বলে দাবি।
বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ঘটনার পর তিনি প্রথমে পূর্ব যাদবপুর থানায় মৌখিকভাবে অভিযোগ জানান। পরে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এবং তিনি লিখিত অভিযোগও দায়ের করেন।
অভিযোগ, বাড়ির একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে। তবে অন্য একটি ক্যামেরা সচল থাকায় সেখান থেকে পাওয়া ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।







