মঙ্গলবার রাত থেকেই ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন। ডাকা হয়েছে ১২ ঘণ্টার ধর্মঘট। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সময়ের মধ্যে জরুরি ওষুধের প্রয়োজন হলে সাধারণ মানুষ কী করবেন? বিশেষ করে প্রবীণ বা শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ না পেলে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। তবে আতঙ্কের কারণ নেই। দেশজুড়ে অধিকাংশ ওষুধের দোকান বন্ধ থাকলেও কিছু পরিষেবা ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ফেয়ার প্রাইস মেডিসিন শপ, দাভা ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রগুলি খোলা থাকবে। সেখান থেকেই প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ।
কেন ডাকা হয়েছে এই ধর্মঘট? অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের দাবি, ই-ফার্মাসি সংস্থাগুলি ওষুধে অতিরিক্ত ছাড় দিচ্ছে এবং তাদের উপর যথাযথ নিয়ন্ত্রণ নেই। এই অভিযোগ জানিয়েই তারা ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের প্রতিনিধিরা জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে রোগীদের সম্ভাব্য সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে যাঁরা নিয়মিত জীবনরক্ষাকারী ওষুধের উপর নির্ভরশীল, তাঁদের অসুবিধার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। যদিও এএনআই সূত্রে খবর, ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতাদের সংগঠন এই ধর্মঘট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।







