দেশ

দেশজুড়ে আন্দোলনকে এক মঞ্চে আনতে রাহুলের ‘সত্যাগ্রহ’, ডিজিটাল ম্যাপে নথিভুক্ত হবে গণদাবি

দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের দাবি ও অধিকার নিয়ে চলা আন্দোলনগুলিকে একই প্ল্যাটফর্মে এনে আরও সংগঠিত করার উদ্যোগ নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জল-জমি-জঙ্গল রক্ষা, নারী অধিকার, দলিত ও অনগ্রসর শ্রেণির ন্যায্য পাওনা, শিক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়ম—এমন একাধিক ইস্যুতে চলা আন্দোলনকে একসূত্রে বাঁধতে শনিবার ‘সত্যাগ্রহ’ নামে একটি ডিজিটাল কর্মসূচির ঘোষণা করেন তিনি। ‘এক্স’-এ পোস্ট এবং ভিডিও বার্তার মাধ্যমে রাহুল জানান, ন্যায়ের দাবিতে লড়াই করা ব্যক্তি ও সংগঠনগুলিকে একটি সর্বভারতীয় ডিজিটাল মানচিত্রের আওতায় আনাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

নতুন এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের আদর্শের কথাও তুলে ধরেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, সত্য মানুষের সবচেয়ে বড় শক্তি হলেও, সত্যের পক্ষে সকলে একসঙ্গে দাঁড়ালে সেই শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়।

রাহুলের দাবি, দেশের বিভিন্ন এলাকায় বহু মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই তাঁদের একাই সেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। ‘সত্যাগ্রহ’ পোর্টালে নিজেদের আন্দোলনের তথ্য নথিভুক্ত করলে নাগরিকরা জানতে পারবেন, তাঁদের মতো একই ধরনের দাবি নিয়ে দেশের অন্য কোথায় এবং কারা আন্দোলন করছেন।

ভিডিও বার্তায় রাহুল অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে বিচ্ছিন্ন জনআন্দোলনগুলিকে একটি সংগঠিত রূপ দেওয়া প্রয়োজন। ভূমির অধিকার, মহিলাদের নিরাপত্তা, দলিত ও অনগ্রসর শ্রেণির ন্যায়বিচার, শিক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের মতো বিভিন্ন বিষয়ে চলা আন্দোলনগুলিকে একত্রিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি। আন্দোলনকারীদের মাত্র দু’মিনিট সময় ব্যয় করে নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের আন্দোলনের বিবরণ ‘এনরোল’ করার আবেদনও জানিয়েছেন রাহুল।

আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, সংসদের ভিতরে, রাজপথে কিংবা চিঠিপত্রের মাধ্যমে—যে কোনওভাবে সাহায্যের প্রয়োজন হলে তিনি আন্দোলনকারীদের পাশে থাকবেন। তাঁর দাবি, দেশের যে প্রান্তেই অন্যায়ের বিরুদ্ধে সত্যের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেখানে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করাই বিরোধী দলনেতা হিসেবে তাঁর দায়িত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.