বলিউডে পা রেখেছেন বেশ কিছুদিন হল কপিল শর্মা। ছোটপর্দার জনপ্রিয় কৌতুকাভিনেতা এখন সমান ব্যস্ত বড়পর্দার কাজেই। তাঁর নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’ মুক্তির অপেক্ষায়। টিজার প্রকাশের পর থেকেই একটাই প্রশ্ন ছিল অনুরাগীদের— চারজন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে বাড়িতে কোনও ঝামেলা হয় না তো? অবশেষে সেই জল্পনায় ইতি টানলেন কপিল নিজেই।
সম্প্রতি ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার শো-তে হাজির হয়েছিলেন কপিল ও তাঁর স্ত্রী গিন্নি চাতার্থ। সেখানেই মজার ছলে ওঠে দাম্পত্য জীবনের নানা কথা। গিন্নিকে প্রশ্ন করা হয়— স্বামী যখন অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হন, তখন কী মনে হয়? উত্তরে কোনও রাখঢাক না রেখে তিনি বলেন, “একদম সহ্য হয় না। ভীষণ হিংসে হয়।” ওই মন্তব্যে মুহূর্তে রসিকতা জমে ওঠে স্টেজে।
এরপর কপিল জানান, এই ‘হিংসে’-র ফল তিনি বেশ টের পান শুটিং সেটে। অভিনেতার কথায়, ভোপালে হিরা ওয়ারিনার সঙ্গে রোম্যান্টিক গানের শুটিং চলাকালীন হঠাৎই পৌঁছে যান গিন্নি। পরিচালক যখন নায়িকার চোখে চোখ রাখতে বলেন, তখনই কপিল নাকি টের পান তাঁর স্ত্রী পিছনে দাঁড়িয়ে সব খুঁটিয়ে দেখছেন! হাসতে হাসতে অভিনেতার স্বীকারোক্তি, “ওঁর সামনে অন্য নায়িকার সঙ্গে অভিনয় করতে সত্যিই হাত কাঁপে।” আর অভিযোগ করতে গেলেই গিন্নির জবাব— “তুমি তো ব্যাপারটা উপভোগ করছ, চিন্তা কিসের!”
এই স্বীকারোক্তির ভিডিও সামনে আসতেই নেটদুনিয়া ফেটে পড়ে হাসিতে। কেউ লিখেছেন, “বউকে ভয় না করলে সংসার চলে?” আবার কারও মন্তব্য— “সব স্বামীই মনে মনে একই কথা ভাবে!”
সব মিলিয়ে কপিলের সহজ-সরল রসিকতা ঘিরে তুমুল আলোচনা চলছে অনলাইনে। এদিকে তাঁর নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামী ১২ ডিসেম্বর— তাই প্রচারের আগুনে এই স্বীকারোক্তি যেন আরও বাড়তি হাওয়া জোগাল বলিউডে।







