রাজ্য

২১-এর আগে বিয়ে না-করাতে অভিমানে চরম সিদ্ধান্ত! ঠাণে ১৯ বছরের যুবকের আত্মঘাতী

বিয়ের অনুমতি না মেলায় অভিমানে আত্মঘাতী এক ১৯ বছরের তরুণ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলায়। পরিবারের আপত্তি এবং বয়সজনিত আইনগত বাধার কারণে প্রিয় মানুষটিকে বিয়ে করতে না-পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক। অবশেষে অভিমানেই নিজের জীবনাবসান করেন তিনি।

রবিবার ঠাণের ডোম্বিভলি এলাকায় এই মর্মান্তিক ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের বাড়ি ছিল ঝাড়খণ্ডে। সেখানকারই এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের কথা পরিবারও জানত। বেশ কিছু দিন ধরে যুবকটি প্রেমিকাকে বিয়ে করার কথা বলছিলেন। কিন্তু আইন অনুসারে পুরুষের নূন্যতম বিবাহযোগ্য বয়স ২১ বছর হওয়ায় পরিবার জানায়— আরও দু’ বছর অপেক্ষা করতেই হবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণ।

পরিবারের সদস্যদের অভিযোগ, ইদানীং যুবকটি ক্রমশ চুপচাপ হয়ে যাচ্ছিলেন। কারও সঙ্গে কথা বলতেন না। ঘটনার দিন সকালেই বাড়ির ছাদে উঠে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বিষয়টি টের পান। দ্রুত ছাদ থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মানপাড়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের বক্তব্য ছাড়াও অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। তরুণের মৃত্যুর নেপথ্যে কোনও অন্য চাপ বা ব্যক্তিগত সমস্যা ছিল কি না, তারও তদন্ত চলছে।

বিয়ের বয়স সংক্রান্ত আইন নিয়ে দেশে বহু বিতর্ক থাকলেও, এই ঘটনার পর আবারও সামনে এল মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সংবেদনশীলতার প্রশ্ন। অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে পরিবার ও আত্মীয়দের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.