বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এল মতুয়া ভোটব্যাঙ্ক। SIR প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়া সম্প্রদায়ের একাংশের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠতেই বনগাঁ মহাকুমা জুড়ে ক্ষোভ বাড়ছে। এরই প্রভাব কি পড়ল বিজেপির পরিবর্তন যাত্রায়? শুক্রবার গাইঘাটার ঠাকুরনগরে সেই প্রশ্নই ঘুরপাক খেতে দেখা গেল।
শুক্রবার স্বরূপনগর থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা এসে পৌঁছয় গাইঘাটায়। ঠাকুরনগর মতুয়া সম্প্রদায়ের অন্যতম পীঠস্থান হওয়ায় সেখানে ব্যাপক সমর্থকদের ভিড় হবে বলে আশা করেছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী Locket Chatterjee, নেতা Kaustav Bagchi এবং গাইঘাটার বিধায়ক Subrata Thakur। তবে স্থানীয় মতুয়া ভক্তদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন মতুয়া বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে বিজেপি। কিন্তু SIR-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ার পরেই মতুয়া সমাজের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঠাকুরনগরের বাসিন্দা গণেশ বাইন ও রবি হালদারের মতো অনেকেই দাবি করেন, এবার আর বিভ্রান্ত নন মতুয়ারা। বিধানসভা নির্বাচনে তারা ‘উপযুক্ত জবাব’ দেবেন বলেও মন্তব্য করেছেন।
এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন, গাইঘাটার পরিবর্তন যাত্রাই প্রমাণ করে দিয়েছে বিজেপি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মতুয়ারা দলটির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। দলের নেতা দেবদাস মণ্ডল পাল্টা দাবি করেন, মতুয়ারা এখনও বিজেপির সঙ্গেই রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী Narendra Modi এবং স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর উপর মতুয়াদের আস্থা রয়েছে এবং নাগরিকত্ব পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।
তবে এই বিতর্কের মাঝেই গাইঘাটার বিধায়ক Subrata Thakur কিংবা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Shantanu Thakur-এর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই মতুয়া ভোটব্যাঙ্ককে ঘিরে এই নতুন সমীকরণ রাজ্যের রাজনৈতিক অঙ্কে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







