রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ যেন রানের বন্যা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ব্যাট হাতে ঝড় তুলে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে। সিরিজ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের সামনে লক্ষ্য এখন ৩৫৯ রান।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল, কিন্তু তাদের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে ভারতীয় মিডল অর্ডার। দ্রুত দুই ওপেনার রোহিত শর্মা (১৪) এবং যশস্বী জয়সওয়ালের (২২) পতনের পর ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় ইনিংসের মূল স্তম্ভ ছিলেন এই দুই ব্যাটার। বিরাট কোহলি ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেলে কোহলি তাঁর ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ইনিংসের রাশ ধরে রেখেছিলেন।অপরদিকে ঋতুরাজ গায়কোয়াড় অল্প সময়ে মাত্র ৮৩ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই তরুণ ওপেনার, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। এই দুই তারকার সেঞ্চুরিতে ভারত স্কোরবোর্ডে রানের পাহাড় তৈরি করে।
কোহলি ও ঋতুরাজের সেঞ্চুরির পর শেষ দিকে দলের স্কোরকে আরও বাড়িয়ে তোলার কাজটা করেন অধিনায়ক কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। রাহুল ৪৩ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন, যেখানে তাঁর ব্যাটে ৬টি চার ও ২টি ছক্কা আসে। অন্যদিকে, জাদেজা ২৭ বলে ২৪* রান করে রাহুলকে যোগ্য সঙ্গত দেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মার্কো জ্যানসেন ৬৩ রানে দুটি উইকেট নিয়ে কিছুটা সাফল্য পান। লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার একটি করে উইকেট নেন। তবে স্পিনার কেশব মহারাজকে ১০ ওভারে ৭০ রান দিতে হয়।
সিরিজ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে এখন প্রতি ওভারে প্রায় ৭.১৮ করে রান তুলতে হবে, যা রায়পুরের পিচে এক বিশাল চ্যালেঞ্জ।







