খেলাধুলা

আজ সুপার কাপের অগ্নিপরীক্ষা: ফাইনালে ওঠার লড়াইয়ে ইস্টবেঙ্গল, কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে অপ্রতিরোধ্য পঞ্জাব

আর কয়েক ঘণ্টা পরেই ফুটবলের ময়দানে বড় লড়াই। ২০২৫ সালের সুপার কাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি এবং পঞ্জাব এফসি। লাল-হলুদ ব্রিগেডের সামনে ফাইনালের টিকিট নিশ্চিত করার হাতছানি, কিন্তু প্রতিপক্ষ পঞ্জাব যে চলতি টুর্নামেন্টে এখনও অপরাজিত তাই এই সেমিফাইনাল ইস্টবেঙ্গলের জন্য মোটেও সহজ হবে না। পঞ্জাব চাইছে তাদের সেই জয়ের ধারা ধরে রাখতে এবং লাল-হলুদ আক্রমণভাগকে রুখে দিতে।

গোটা ম্যাচে নজর থাকবে মাঝমাঠের তীব্র দ্বৈরথের দিকে। আশা করা হচ্ছে, পঞ্জাবের নিখিল প্রভু এবং ইস্টবেঙ্গলের মহম্মদ রশিদ এই দুই তারকার খেলা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তাঁদের মধ্যমাঠের নিয়ন্ত্রণই খেলার গতিপথ স্থির করে দেবে। চলতি টুর্নামেন্টে পঞ্জাব এফসি দারুণ পারফর্ম করলেও, সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা তাদের দুই প্রধান ডিফেন্ডারকে পাচ্ছে না। সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না মহম্মদ উভেইস এবং খাইমিনথাং লাংডিম। ফলে এই দুই ফুল-ব্যাককে ছাড়া পঞ্জাব দল কী রণনীতি নিয়ে মাঠে নামে, সেটাই দেখার। এই সুযোগটা কাজে লাগাতে চাইবে ইস্টবেঙ্গল।

২০২৫-২৬ এআইএফএফ সুপার কাপের এই সেমিফাইনাল ম্যাচটি গোয়ার মারগাঁওয়ে অবস্থিত বিখ্যাত পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টে থেকে।
এই হাই-ভোল্টেজ ম্যাচটি ঘরে বসে দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। স্টার স্পোর্টস নেটওয়ার্ক এই ম্যাচের সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, জিও হটস্টার অ্যাপেও ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে। উত্তেজনার পারদ চড়ছে, এখন দেখার শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কি কাপ ফাইনালের পথে নিজেদের নাম লেখাতে পারে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.