উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার অন্তর্গত ১৯১ নম্বর পার্ট এলাকা থেকে সামনে এল এক চাঞ্চল্যকর ভোটার জালিয়াতির অভিযোগ। স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, যিনি বাস্তবে তিন সন্তানের বাবা, তিনি এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ফর্ম হাতে পেয়ে জানতে পারেন তাঁর নামে নথিভুক্ত রয়েছে মোট পাঁচ সন্তান! অর্থাৎ অচেনা আরও দুই যুবককে তাঁর ছেলে হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবীন্দ্রনাথ বিশ্বাসের পরিবারে মোট পাঁচজন সদস্য—তিনি, তাঁর স্ত্রী ও তিন সন্তান। নিয়ম অনুযায়ী তাঁদের পাঁচজনেরই এসআইআর ফর্ম আসার কথা ছিল। কিন্তু স্থানীয় বিএলও তাঁর বাড়িতে সাতটি ফর্ম নিয়ে গেলে সন্দেহ তৈরি হয়। ফর্ম খতিয়ে দেখেই চমকে ওঠেন রবীন্দ্রনাথ। দেখা যায়, রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুই অচেনা যুবককে তাঁর সন্তান হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তিনি ওই দুইজনকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তাদের কেউই তাঁর এলাকার বাসিন্দা নয়।
ঘটনার পরপরই রবীন্দ্রনাথ বিশ্বাস গাইঘাটা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অবিলম্বে ওই দুই ‘ভূতুড়ে’ নাম ভোটার তালিকা থেকে বাতিলের দাবি জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সব্যসাচী ভট্ট বলেন, “এটা কীভাবে সম্ভব হল, তার জবাব নির্বাচন কমিশনের পাশাপাশি ওই এলাকার বিজেপি বিধায়ক ও বিজেপি-নিয়ন্ত্রিত পঞ্চায়েতকেই দিতে হবে।”
অন্যদিকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের পাল্টা অভিযোগ, দীর্ঘদিন তৃণমূলের শাসনেই টাকার বিনিময়ে ভুয়ো ভোটার তৈরি হয়েছে। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার কারণেই এবার সেই সমস্ত অনিয়ম ধরা পড়ছে।
এ বিষয়ে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।







