ভাঙড়ে বছর একুশের গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। পরপুরুষের সঙ্গে একাধিকবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল— এমনই দাবি প্রতিবেশীদের। সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল স্বামী দেবাশিস নস্করের বিরুদ্ধে। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মৌমিতা নস্করের বাপের বাড়ি ঘুটিয়ারি শরিফে। চার বছর আগে ভাঙড়ের কালিকাপুর গ্রামের বাসিন্দা দেবাশিসের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি। আর্থিক অস্বচ্ছলতার কারণে পণ-সংক্রান্ত টানাপড়েনের পাশাপাশি শ্বশুরবাড়িতে অত্যাচারের পরিবেশ ছিল বলে দাবি মৃতার বাবার। সেই চাপ সহ্য করতে না পেরেই মৌমিতা বাড়ি ছেড়ে পরপুরুষের সঙ্গে কয়েকবার চলে যান। তবে প্রতিবারই কিছুদিন পর ফিরে আসতেন। ফলে দাম্পত্য বিবাদ আরও বেড়ে ওঠে।
বৃহস্পতিবারও দম্পতির মধ্যে তীব্র ঝগড়া হয় বলে জানিয়েছে প্রতিবেশীরা। অভিযোগ, সেইসময় দেবাশিস স্ত্রীকে বেধড়ক মারধর করে। এরপর মৌমিতাকে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ঘটকপুকুর খালের কাছে। সেখানেই গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ। পরে দেহ গোপনের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়।
ঘটনার কিছুক্ষণ পরই স্থানীয়রা সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে পুলিশকে খবর দেন। ভাঙড় থানার পুলিশ রাতেই অভিযুক্ত দেবাশিসকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ তল্লাশির পর গভীর রাতে ঘটকপুকুর খাল থেকে উদ্ধার হয় মৌমিতার দেহ।
মৃতার বাবার অভিযোগ,“আমরা পণ দিতে পারিনি বলে মেয়েকে অত্যাচার করত। বারবার বলেছিলাম মেয়ে যেন আলাদা থাকে। কিন্তু জামাই ছাড়েনি, শেষে মেরে ফেলল।”
পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হচ্ছে। তদন্তে উঠে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য।







