লন্ডনের রাস্তায় দেখা গেল এমন এক দৃশ্য, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম ইউজার @pandeyjipardesi শেয়ার করেছেন একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—একজন ভারতীয় ব্যক্তি পার্ক করা গাড়ির পাশে রাস্তায় লাল গুটখার দাগ দেখিয়ে বিস্ময় প্রকাশ করছেন। ভিডিওতে তাকে হিন্দিতে বলতে শোনা যায়, “ইয়ে দেখিয়ে, কেয়া হ্যায় ইয়ে? ইয়ে লন্ডন হ্যায় ইয়া… পুরা ভিসা সিস্টেম ব্যান্ড করো।” ব্যঙ্গ ও হতাশার মিশ্রণে তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে দেশীয় অসভ্য অভ্যাস বিদেশের মাটিতেও গিয়ে পৌঁছচ্ছে।
ভিডিওটির ক্যাপশনেই রসিকতা— “লন্ডন ইয়া কানপুর?”— যা নেটিজেনদের আরও আকৃষ্ট করেছে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে হাজির হয়েছে একের পর এক কৌতুক। কেউ লিখেছেন, “পান্ডে জি, আপ ভুল গ্যায়ে, আপ তো লন্ডনপুর মে হ্যায়েন।” আরেকজন মজা করে বলেছেন, “কানপুর কা ডাব ডাবা লন্ডন মে ফল গয়া হ।” আবার অন্য এক ইউজার খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, “আপনে তো ভিসা পা লিয়া ভাইয়া, অরন কা আনা কিউ ব্যান্ড কারা রহে হো?”
তবে উল্লেখযোগ্য বিষয় হলো—লন্ডনে গুটখা বিক্রি নিষিদ্ধ নয়। স্থানীয় সংবাদমাধ্যম হ্যারো অনলাইন-এর তথ্য অনুযায়ী, বিক্রেতা যদি HMRC (His Majesty’s Revenue and Customs)-এ নিবন্ধিত থাকেন এবং নীতি-নিয়ম মেনে চলেন, তবে গুটখা বিক্রিতে বাধা নেই।
আসলে এ-ধরনের দৃশ্য লন্ডনের একেবারে নতুন কিছু নয়। এর আগেও হ্যারো অনলাইন প্রকাশ করেছিল যে, রেনার্স লেন এবং নর্থ হ্যারোর রাস্তাঘাট, ডাস্টবিন ও গাছে পানের থুতু ও গুটখার দাগ বারবার দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই প্রবণতা আরও বাড়ছে।







