বিদেশ

আবহাওয়ার চোখরাঙানি, তুষারধসের আতঙ্ক! এ বছরের মতো বন্ধ মানসলু অভিযান

প্রতিকূল আবহাওয়ার কাছে শেষ পর্যন্ত থামতে হল বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান। ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কার পাশাপাশি সম্প্রতি এক বাঙালি পর্বতারোহীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছিল। সব দিক বিবেচনা করে চলতি বছরের মতো অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে শেরপা দল ও সংশ্লিষ্ট এজেন্সি।

বুধবার সকালে অভিযানের দায়িত্বে থাকা শেরপা গাইড মিংমা জি জানান, পরিস্থিতি ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে। আগামী দু’দিনে নেপালের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মানসলু এলাকাতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে পর্বতারোহণ চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন শেরপারা।

ইতিমধ্যেই মঙ্গলবার ক্যাম্প ৩ থেকে অভিযাত্রীদের নিচে নামিয়ে আনা হয়েছে। বুধবার বিভিন্ন দেশের পর্বতারোহীদের আরও নীচের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শেরপাদের আশঙ্কা, সময় যত গড়াবে আবহাওয়া ততই প্রতিকূল হয়ে উঠতে পারে।

এর মধ্যেই গত সপ্তাহে মানসলু অভিযানে মৃত্যু হয়েছিল বাঙালি পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহের। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ধ্রুবজ্যোতি পেশায় ইঞ্জিনিয়ার এবং জার্মানির একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। ৮,১৬৩ মিটার উচ্চতার মানসলু জয় করার লক্ষ্যেই তিনি অভিযানে গিয়েছিলেন।

কিন্তু ক্যাম্প ৩-এর কাছে প্রবল তুষারধসের কবলে পড়ে তাঁর তাঁবু। গত শনিবার রাতে ঘটে ওই দুর্ঘটনা। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক শেরপাও তুষারধসে চাপা পড়েন। পরে দু’জনের দেহ উদ্ধার করা হয়।

পর পর প্রতিকূল পরিস্থিতি এবং নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কার মধ্যে তাই আপাতত মানসলুর পথে আর এগোতে চাইছে না শেরপা দল। নিরাপত্তার কথা মাথায় রেখেই এ বছরের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.