১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। ২০২৪-এর ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর এই প্রথম জাতীয় ভোট হতে চলেছে ওপার বাংলায়। বর্তমানে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছে।
এবার নির্বাচনের বিশেষত্ব হলো সংসদীয় ভোটের পাশাপাশি একই দিনে ৮৪ দফা সংস্কার প্যাকেজ নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পদ্মাপারের ৩০০টির মধ্যে ২৯৯টি সংসদীয় আসনে ভোট চলেছে। তবে এক প্রার্থীর মৃত্যুর কারণে বর্তমানে একটি কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। বিভিন্ন দলের হয়ে ১,৭৫৫ জন ও নির্দল হিসেবে ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৯ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েনের কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ও তাদের প্রাক্তন জোটসঙ্গী জামায়াতে ইসলামীর মধ্যে। সম্প্রতি এই উত্তপ্ত পরিস্থিতির জন্য বর্তমানে কিছুটা এগিয়ে রয়েছে বিএনপি। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে নিজের দেশে ফিরেই এক্কেবারে সক্রিয় প্রচারে নেমেছেন। কর্মসংস্থান বৃদ্ধি, আইনশৃঙ্খলা জোরদার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতির মাধ্যমে। বাংলাদেশের মাটিতে এই নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।






