পরকীয়ার ফাঁদে এবার গড়াগড়ি মার্কিন প্রযুক্তি দুনিয়ার এক বড়ো নাম। ‘কোল্ডপ্লে’-র কনসার্টে গিয়ে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়তেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন অ্যাস্ট্রোনমার সংস্থার প্রাক্তন সিইও অ্যান্ডি বায়রন। স্ত্রীয়ের অগোচরে প্রেমিকা ও সংস্থার এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবোর সঙ্গে শো উপভোগ করতে গিয়েই বিপত্তি। ‘কিস ক্যাম’-এ ধরা পড়ে তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য। মুহূর্তে সেই দৃশ্য ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। একের পর এক ট্রোল, মিম-এ বায়রন হয়ে ওঠেন হাসির পাত্র। জনরোষের চাপে শেষমেশ সিইও পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। গুঞ্জন, দাম্পত্য জীবনেও তৈরি হয়েছে বিস্তর ফাটল।
ঘটনার পর এতটাই ক্ষুব্ধ বায়রন যে, ‘কোল্ডপ্লে’র মূল গায়ক ক্রিস মার্টিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। তাঁর অভিযোগ, ওই ভিডিও তাঁকে অপমানিত করেছে এবং গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। বায়রনের পরিচিতদের মতে,”ওই ভিডিও নিয়ে কোনও মাথাব্যথা নেই বায়রনের। তবে এত মিম বেরনোর জন্য কোল্ডপ্লে-কেই দায়ী করছেন তিনি।” যদিও এই বিতর্কে এখনও মুখ খোলেননি ক্রিস মার্টিন বা কোল্ডপ্লে ব্যান্ড। তবে সূত্রের দাবি, মামলা করার কথা শুনেই নাকি হেসে গড়িয়ে পড়েছিলেন মার্টিন।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, কনসার্টের মতো জনসমক্ষে এমন ঘটনা ঘটলে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ টিকবে না। পাশাপাশি, মানহানির মামলা করতে গেলেও বায়রনকে প্রমাণ করতে হবে যে ক্যাবোর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না। সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা বাড়লেও, ব্যক্তিগত জীবনে চরম ক্ষতির মুখে টেক দুনিয়ার প্রাক্তন এই কর্তা। পরকীয়ার এক ঝলক দৃশ্যই যেন বদলে দিল তাঁর কেরিয়ার ও সম্পর্কের সমীকরণ।







