চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নিজেদের মাঠে আরও একবার মুখ থুবড়ে পড়ল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে গিয়েও তারা ২-১ গোলে পরাজিত হল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে। এই হারে কোচ জাভি আলোন্সোর ওপর চাপ আরও বহুগুণ বেড়ে গেল। ঘরের মাঠে টানা দ্বিতীয় পরাজয়ের পর রিয়াল সমর্থকদের বিদ্রূপের মুখেও পড়তে হয়েছে জাভিকে।
চোটের কারণে কিলিয়ান এমবাপে-সহ প্রথম সারির আটজন তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। এমন অবস্থায় ছন্দে থাকা সিটিকে আটকানো এমনিতেই কঠিন ছিল। রদ্রিগোর গোলে ২৮ মিনিটে রিয়াল এগিয়ে গেলেও, বিরতির আগেই ম্যানচেস্টার সিটির হয়ে গোল করে ব্যবধান গড়ে দেন নিকো ও’রিলি এবং আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। এই মরশুমের শুরুতে জাভিকে কোচ করে আনার পর রিয়ালের শুরুটা ভালো হলেও, শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, সাজঘরের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন জাভি। ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে এবং অনেক খেলোয়াড়ই তার কোচিং পদ্ধতিতে খুশি নন। পরিস্থিতি এমন যে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ়ও কোচের ওপর ক্ষুব্ধ।
তবে এই মুহূর্তে জাভিকে সরানো হবে না বলেই মনে করা হচ্ছে। গোলদাতা রদ্রিগো এবং তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম কোচের পাশে দাঁড়িয়েছেন। রদ্রিগো বলেছেন, “আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কোচ আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে।” বেলিংহ্যামও বাইরের সমালোচনা এড়িয়ে সাজঘরের মধ্যেই সমস্যা সমাধানের কথা বলেছেন। জাভি আলোন্সো নিজে চাকরি হারানোর ভয় পাচ্ছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমার কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ। এখন পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফুটবলারদের কীভাবে সাহায্য করা যায়, সেটাই আমার কাজ। চাকরি নিয়ে ভাবছি না।” এদিকে, অন্য ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে ক্লাব ব্রুজ়কে হারিয়েছে। এই জয়ে নোনি মাদুয়েকে জোড়া গোল করেন এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বাকি গোলটি করেন। এই নিয়ে তারা টানা ছয়টি ম্যাচ জিতল, ফলে তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত।
তবে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে প্যারিস সঁ জরমঁ (পিএসজি)। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। অন্য খেলায় নাপোলি ০-২ গোলে হেরেছে বেনফিকার কাছে। জুভেন্টাস ২-০ গোলে পাফোসকে হারিয়েছে এবং নিউক্যাসল ২-২ গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে।







