আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় দেখা যাবে, তা নিয়ে ক্রিকেট ভক্তদের মনে যে সংশয় তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটল। ভারতীয় ক্রিকেটমহলে গুঞ্জন উঠেছিল যে, আইসিসি-র সঙ্গে তাদের সম্প্রচার স্বত্ব বাতিল করতে চাইছে জিওস্টার। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিল স্বয়ং সম্প্রচারকারী সংস্থা এবং আইসিসি।
গতকাল একটি যৌথ বিবৃতিতে জিওস্টার এবং আইসিসি নিশ্চিত করেছে যে, তাদের মধ্যে সম্প্রচার চুক্তি সম্পূর্ণভাবে বহাল রয়েছে। বিবৃতিতে জানানো হয়, “সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত চুক্তি ভাঙার সমস্ত খবর ভিত্তিহীন এবং গুরুত্বহীন। জিওস্টার ভারতে আইসিসির অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে তাদের চুক্তি অনুযায়ী সমস্ত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি আগের মতোই অব্যাহত থাকবে।”
২০২৪ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র ইভেন্টগুলোর সম্প্রচারের জন্য জিওস্টারের সঙ্গে আইসিসি-র ৩ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি) চুক্তি রয়েছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর অন্তত একটি বড় টুর্নামেন্ট সম্প্রচার করার কথা। গত অর্থবর্ষে (২০২৩-২৪) সংস্থাটির বিপুল পরিমাণ ১২,৩১৯ কোটি টাকা ক্ষতি হয়েছিল, যা পরের অর্থবর্ষে (২০২৪-২৫) প্রায় ২৫,৭৬০ কোটি টাকায় দাঁড়ানোর ফলে গুঞ্জন শুরু হয় যে আর্থিক ক্ষতির কারণে সংস্থাটি সময়ের আগেই চুক্তি ছিন্ন করতে চাইছে। তবে দুই পক্ষের পক্ষ থেকে চুক্তি বহাল রাখার খবর আসায়, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ পরবর্তী সব আইসিসি ইভেন্ট ভারতে দেখা নিয়ে ক্রিকেটপ্রেমীদের সব দুশ্চিন্তা দূর হলো।







