ক্রিকেট বিশ্বে নেমে এল বিষাদের ছায়া। মঙ্গলবার পার্থে ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন দাপুটে ব্যাটার রবিন স্মিথ। তাঁর প্রাক্তন হ্যাম্পশায়ার সতীর্থ কেভান জেমস এই খবরটি জানানোর পর থেকেই শোকস্তব্ধ ক্রিকেট মহল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিন ছিলেন ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং ক্যারিশম্যাটিক খেলোয়াড়। নব্বইয়ের দশকে ফাস্ট বোলারদের বিরুদ্ধে তাঁর রুখে দাঁড়ানোর ক্ষমতা ছিল কিংবদন্তী। সতীর্থরা তাঁকে সেই সময়ের ইংল্যান্ডের সেরা ব্যাটার বলতেন। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ক্ষিপ্র বোলিংয়ের সামনে তাঁর সাহস ছিল চোখে পড়ার মতো। স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্টে ৯ সেঞ্চুরিসহ ৪২৩৬ রান এবং ৭১টি ওয়ানডেতে ৪টি সেঞ্চুরিসহ ২৪১৯ রান করেন। ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, স্মিথ এমনভাবে খেলতেন যা ইংরেজ ভক্তদের গর্ব ও বিনোদন দিত।
তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর স্মিথের ব্যক্তিগত জীবন ছিল কঠিন সংগ্রামে ভরা। গত বছর এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছিলেন, কীভাবে একাকীত্ব ও অ্যালকোহলে আসক্ত হয়ে তিনি একসময় আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন। ক্রিকেট থেকে সরে যাওয়ার পর বাবার অসুস্থতা এবং কাজ হারানোর কারণে তাঁর জীবন আরও কঠিন হয়ে উঠেছিল। এমন একজন লড়াকু খেলোয়াড়ের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট মহল।







