পেটের অস্ত্রোপচারের কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে পারেননি তিলক বর্মা। শেষ দু’টি ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কায় ইতি টানল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পেটের অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিলক। আগামী রবিবারের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেতে পারেন তিনি।
শুক্রবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বিসিসিআইয়ের তত্ত্বাবধানে একটি সিমুলেশন ম্যাচ খেলেছেন তিলক। চোট বা অসুস্থতা কাটিয়ে ওঠার পর কোনও ক্রিকেটার ম্যাচের ধকল নিতে পারছেন কি না, তা যাচাই করতেই এই ধরনের ম্যাচের আয়োজন করে বোর্ডের মেডিক্যাল টিম। রিহ্যাব পর্ব সফলভাবে শেষ করার পরেই ওই ম্যাচ খেলানো হয়।
বোর্ডের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিলক। বিশ্বকাপের আগে ভারতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচও খেলবেন ২৩ বছরের এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিলক বর্মা। প্রয়োজন হলে স্পিন বোলিংয়ের বিকল্পও দিতে পারেন তিনি। নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি তাঁকে বিশ্বকাপের দলেও রেখেছে। সেই কারণেই তাঁর মাঠে ফেরা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। বিশ্বকাপে যেন কোনও সমস্যায় না পড়তে হয়, তা নিশ্চিত করতেই সতর্কতা অবলম্বন করেছে বোর্ড।
তিলকের পাশাপাশি চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে রয়েছেন জোরে বোলার ময়ঙ্ক যাদব এবং রিয়ান পরাগ। তাঁরাও শুক্রবার একই সিমুলেশন ম্যাচে অংশ নিয়েছেন। তবে ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে। তাঁর জন্য আগামী সপ্তাহে আলাদা করে সিমুলেশন ম্যাচের আয়োজন করা হতে পারে।







