মরশুমের শুরুতে প্রত্যাশিত পারফরম্যান্স পেলেও ধাপে ধাপে নিজেদের সেরা ফর্ম ধরে রাখতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড ফাইনালে পরাজয়ের পর আইএসএল অভিযানে কিছুটা ধাক্কা খেলেও, সময়ের সাথে সাথে ছন্দ ফিরে পেয়েছে সবুজ-মেরুন শিবির। শেষ পর্যন্ত লিগ শিল্ড জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে মেরিনার্সরা।
তবে, এবার লক্ষ্য একটাই—আইএসএল ট্রফি। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট সমস্যা। আশীষ রাই ও মনবীর সিংয়ের চোট দুশ্চিন্তায় রেখেছে কোচ জোসে মোলিনাকে। তাই দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড়ের সন্ধানে রয়েছে ম্যানেজমেন্ট।
বিশেষ করে আক্রমণভাগে শক্তি বাড়াতে দুটি ভারতীয় ফুটবলারের দিকে নজর রেখেছে সবুজ-মেরুন। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফর্ম করা উইঙ্গার পার্থিব গগৈ এবং আক্রমণাত্মক মিডফিল্ডার জিথিন এমএস এখন বাগানের রাডারে। ২১ ম্যাচে দুই গোল ও তিনটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন পার্থিব। অন্যদিকে, জিথিনের চুক্তি জুনেই শেষ হচ্ছে, যা মোহনবাগানের জন্য বড় সুযোগ হয়ে আসতে পারে।
তবে, এখনও নিশ্চিত কিছুই নয়। ম্যানেজমেন্টের পরিকল্পনা কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।







