জেলা

নাগরদোলার ফাঁদে চুল আটকে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রী আসনিরের, ধুলিয়ানে মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ধুলিয়ানে মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল গভীর শোকে। নাগরদোলায় চুল আটকে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর। মৃত বালিকার নাম আসনির খাতুন (১২)। তার বাড়ি শামশেরগঞ্জের ধুলিয়ান পুর এলাকার লালপুরে। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে স্থানীয় মেলায় ঘুরতে গিয়ে এই হৃদয়বিদারক দুর্ঘটনার শিকার হয় সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ আসনির তার কয়েকজন বন্ধুর সঙ্গে মেলায় যায়। আনন্দের সঙ্গে নাগরদোলায় ওঠে সে। কিন্তু দোলনা চলাকালীন হঠাৎই তার লম্বা চুল দোলনার যন্ত্রাংশে আটকে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায় বালিকাটি। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সে।

মেলায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আসনিরকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এই খবরে মেলার আনন্দ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ঘটনার খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছয়। হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, নাগরদোলার নিরাপত্তায় গাফিলতি এবং পর্যাপ্ত তদারকির অভাবের কারণেই এই দুর্ঘটনা।

এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে আসনিরের পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা ও আত্মীয়রা। একই সঙ্গে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, শিশুদের জন্য থাকা রাইডগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি ছিল না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.