নিজস্ব সংবাদদাতা | ডোমজুড় : দফায় দফায় বর্ষণে জলমগ্ন ডোমজুড়ের সলপ ১ নম্বর পঞ্চায়েতের কালীতলা অঞ্চল। হাঁটুসমান জল বাড়িঘরে, রাস্তা–ঘাট কার্যত অচল। বহুদিন ধরে একই সমস্যা চললেও স্থায়ী সমাধানে প্রশাসনের ভূমিকা নেই বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর সেই ক্ষোভেই এবার বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি অফিস ঘেরাও করলেন একদল ক্ষুব্ধ মহিলা।
মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মধ্যেই ডোমজুড়ের বিধায়কের কার্যালয়ের সামনে জমায়েত করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিকাশির হাল ভাঙা, অথচ শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি।
ঘটনার সময় এক মহিলার বক্তব্য, “আমরা দেখতে এসেছি, কী কাজ হয়েছে, অথচ আমাদের বলা হচ্ছে ঈশ্বরে ভরসা রাখতে। প্রশাসনের যদি কিছু করার না থাকে, তাহলে আমাদের বাঁচাবে কে?”
সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়ায় বিধায়কের মন্তব্য ঘিরে। সংবাদমাধ্যমের প্রশ্নে কল্যাণ ঘোষ বলেন, “এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই।” তাঁর এই মন্তব্যেই কার্যত ফুঁসে ওঠে জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্থানীয় মহিলাদের প্রশ্নের মুখে পড়েই মেজাজ হারান বিধায়ক। এরপর সাংবাদিকদের সামনেই বিতর্কিত মন্তব্য করে ফেলেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বিক্ষোভকারীদের স্পষ্ট অভিযোগ, দীর্ঘদিনের সমস্যা সমাধানে ব্যর্থ জনপ্রতিনিধিরা এখন ঈশ্বরের দোহাই দিয়ে দায় এড়াতে চাইছেন। স্থানীয় এক মহিলার কথায়, “বিধায়ক সাহেবের মুখে ভগবানের কথা শুনে মনে হচ্ছে উনি নিজেই বুঝে গেছেন উনি আর কিছু করতে পারবেন না। তাহলে পদত্যাগ করুন।”
এখন এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে কার্যকরী নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হোক। না হলে বৃহত্তর প্রতিবাদে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।







