SIR প্রক্রিয়াতে মানুষের হয়রানি আটকাতে দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেখানে পৌঁছেছে বঙ্গে SIR আতঙ্কে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার। সকলেই রয়েছে দিল্লির সেই বঙ্গ ভবনে। সেখানেই দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সেনার অতিরিক্ত সক্রিয়তার ফলে মৃতদের পরিবারের মধ্যে। যার জন্য ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।
SIR প্রক্রিয়া চলাকালীন চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে বহু সাধারণ মানুষকে। তাই এবার এই প্রক্রিয়ায় হেনস্থার শিকার সেই সমস্ত পরিবার নিয়ে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ। প্রথম থেকেই যেন দিল্লি প্রশাসন অতি সক্রিয় রয়েছে এই বঙ্গভবন নিয়ে। সেখানেই প্রতিটি ঘরে ঢুকে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে তল্লাশি চালায়। সেই অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে ছুটে যান তৃণমূল সুপ্রিমো। এমনকি এই ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’কোনও চিন্তা করবেন না। আমি তো আছি। দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না। আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। ভাবলে ভুল হবে। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি রাতে যে শাড়ি পরি, সেই পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তা-ই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি। সংযত হোন। বাংলার মানুষকে এ ভাবে হেনস্থা, নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন। অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। আমাদের গায়ের জোর দেখাবেন না। যদি ওঁদের জন্য এই দেশে আর কেউ না-ও লড়ে, আমি লড়ব। লড়ে যাব।’







