আপাতত বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। অতিবৃষ্টি থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। তবে চড়াও হয়েছে সূয্যি মামা। এখন শঙ্কা, পুজোয় বৃষ্টি হবে না তো?
শনিবার মহালয়া, এদিন আকাশ পরিষ্কার থাকবে বলে খবর হাওয়া অফিসের। তবে একটি ঘুর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও বঙ্গের উত্তরে। এছাড়াও জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল ঢুকবে ভারতের পার্বত্য এলাকায়। আগামী ৪৮ ঘন্টায় ভারতের বেশ কিছু অংশ থেকে এবছর বিদায় নেবে বর্ষা।
সূত্রের খবর, আগামী ১ – ২ দিনের মধ্যে উত্তরবঙ্গেও বৃষ্টি কমে আসবে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে অস্বস্থি থেকে রেহাই পাবে উত্তর বঙ্গবাসী।
আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে আর্দ্রতা কমবে। ফলে দমবন্ধ করা অস্বস্থি অনেকটাই কম হবে। আগামী দুদিনে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। আজ তাপমাত্রা থাকবে ৩৪. ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭. ৪ ডিগ্রি সেলসিয়াস।







