কুস্তিপ্রেমীদের জন্য শনিবার রাতে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি হলো। দুই দশকের বর্ণিল এবং সাফল্যে মোড়া রেসলিং কেরিয়ারে ইতি টেনে ডব্লিউডব্লিউই রিংকে চিরতরে বিদায় জানালেন মহাতারকা জন সিনা। ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ‘স্যাটার্ডে নাইট’স মেইন ইভেন্ট’-এ নিজের শেষ ম্যাচটি ১৭ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন হারলেন গান্থারের কাছে। রিংয়ের মাঝখানে নিজের রেসলিং বুট রেখে প্রস্থান করার সেই দৃশ্য হাজার হাজার ভক্তের মন ভারাক্রান্ত করে তোলে।
কেরিয়ারের শেষ ম্যাচে সিনা লড়ছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা প্রতিপক্ষ গান্থারের বিরুদ্ধে। শুরু থেকেই লড়াই ছিল হাড্ডাহাড্ডি। সিনা তাঁর চিরাচরিত শক্তি এবং সিগনেচার মুভ ‘ফাইভ নকল শাফল’ বা ‘এসটিএফ’ প্রয়োগ করে আধিপত্য দেখানোর চেষ্টা করলেও, গান্থার ছিলেন অনমনীয়। শেষ পর্যন্ত গান্থারের শক্তিশালী স্লিপার হোল্ডে আটকা পড়ে সিনা তাঁর দীর্ঘ ২০ বছরের পেশাদার রেসলিং জীবনে এই প্রথমবার ‘ট্যাপ আউট’ (আত্মসমর্পণ) করতে বাধ্য হন।
প্রিয় তারকার এমন পরাজয়ে গ্যালারিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, ম্যাচ শেষে ভক্তরা দাঁড়িয়ে উঠে তাঁকে সম্মান জানান। তাঁদের সম্মিলিত স্লোগান ছিল, “ইউ স্টিল গট ইট!” ম্যাচ শেষ হতেই রিংয়ে নেমে আসেন ডব্লিউডব্লিউই-র বর্তমান ও প্রাক্তন প্রজন্মের তারকারা। কার্ট অ্যাঙ্গল, মার্ক হেনরি এবং ট্রিশ স্ট্রাটাসের মতো কিংবদন্তিরা সিনাকে বিদায় জানাতে উপস্থিত হন।সংক্ষিপ্ত এক বিদায়ী বার্তায় আবেগ ধরে রাখতে পারেননি সিনা। তিনি বলেন, “এত বছর ধরে আপনাদের বিনোদন দিতে পেরে আমি গর্বিত।” এরপরই তিনি রিংয়ের মাঝখানে নিজের জুতো জোড়া রেখে চিরদিনের জন্য কুস্তির জগৎকে বিদায় জানান। তবে এই ঐতিহাসিক মুহূর্তের পরেও অন্যান্য ম্যাচে উত্তেজনা ছিল ভরপুর। কোডি রোডস বনাম ওবা ফেমির লড়াইয়ে ড্রু ম্যাকইনটায়ারের হস্তক্ষেপ একটি নতুন গল্পের জন্ম দেয়। ট্যাগ টিম ম্যাচে জে’ভন ইভান্স ও লিওন স্লেটারকে পরাজিত করে এজে স্টাইলস এবং ড্রাগন লি জয়ী হন। তবে সবকিছুর ঊর্ধ্বে জন সিনার বিদায়বেলাটিই ছিল এই সন্ধ্যার প্রধান আকর্ষণ।







