দেশ

বরফের রাজ্যে ভারতের তেরঙ্গা, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গে সিকিমের মনিতা

আন্টার্কটিকার হিমশীতল প্রান্তরে ইতিহাস গড়লেন সিকিমের পর্বতারোহী মনিতা প্রধান। বিশ্বের শীতলতম মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ম্যাসিফ জয় করে সেখানে ভারতের জাতীয় পতাকা ওড়ালেন তিনি। মাইনাস ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তীব্র হিমেল বাতাস এবং বিপজ্জনক খাড়া বরফের ঢাল অতিক্রম করে এই সাফল্য অর্জন মনিতার অসামান্য সাহস ও দৃঢ়তার নিদর্শন।

১২ ডিসেম্বর ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে মাউন্ট ভিনসনের চূড়ায় পৌঁছন মনিতা। এর মাধ্যমে ‘প্রজেক্ট সেভেন সামিটস’-এর ষষ্ঠ শৃঙ্গ জয়ের মাইলফলক স্পর্শ করলেন তিনি। বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিলেন মনিতা। এর আগে তিনি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা—এই ছয় মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। এখন বাকি শুধু অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউসকো।

মনিতা ১ ডিসেম্বর সিকিমের গ্যাংটক থেকে আন্টার্কটিকার উদ্দেশে রওনা দেন। নিউইয়র্ক হয়ে ট্রানজিট নিয়ে ৪ ডিসেম্বর চিলির পুন্তা অ্যারেনাসে পৌঁছান। সেখানে দু’দিন আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর অভিযাত্রী দল উড়ে যায় ইউনিয়ন হিমবাহ ক্যাম্পে। সেখান থেকেই মাউন্ট ভিনসনের বেস ক্যাম্পে পৌঁছে ১০ ডিসেম্বর চূড়া অভিযানের সূচনা করেন।

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রজনীশ যোশীর মতে, মনিতার এই সাফল্য সিকিম এবং ভারতের পর্বতারোহণ ইতিহাসে এক গর্বের অধ্যায়। তাঁর কথায়, “মনিতার সাহস ও অটল সংকল্প বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা দেবে।”

বরফের রাজ্যে ভারতের তেরঙ্গা ওড়ানোর এই কৃতিত্ব নিঃসন্দেহে জাতির দুঃসাহসিক চেতনার উজ্জ্বল উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.